
হুগলি, ১ নভেম্বর (হি.স.)। আসন্ন কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে শব্দবাজির দাপট থেকে মানুষ ও অবলা প্রাণীদের রক্ষা করতে জনসচেতনতা কর্মসূচি পালন করলেন উত্তরপাড়ার পশুপ্রেমীরা। রবিবার উত্তরপাড়ার দোলতলা ঘাট চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। শব্দবাজির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি পরিবেশবান্ধব ও শব্দদূষণমুক্ত দীপাবলি পালনের আবেদন জানান উদ্যোক্তারা।
পশুপ্রেমীদের বক্তব্য, দীপাবলি মূলত আলোর উৎসব। এই উৎসবের আনন্দ যেন কোনও প্রাণীর আতঙ্কের কারণ না হয়ে দাঁড়ায়। অথচ প্রতি বছর কালীপুজো ও দীপাবলির সময় অতিরিক্ত শব্দের কারণে বিপাকে পড়ে রাস্তার কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণী। বিকট শব্দে আতঙ্কিত হয়ে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে পালিয়ে যায়। অনেক সময় অচেনা পরিবেশে খাবারের অভাব, অন্য প্রাণীদের আক্রমণ এবং সদ্যোজাত শাবকদের মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
শুধু পথপ্রাণীরাই নয়, শব্দদূষণের কারণে পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়। পাশাপাশি বয়স্ক মানুষ, শিশু এবং অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রেও অতিরিক্ত শব্দবাজি শারীরিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে পশুপ্রেমীদের বিশেষ আবেদন, উৎসবের আনন্দ উদযাপনের সময় অন্য প্রাণীদের কথাও ভাবতে হবে। শব্দবাজি পরিহার করে পরিবেশবান্ধব উপায়ে দীপাবলি পালন করার বার্তা দেন তাঁরা।
উত্তরপাড়ার এই জনসচেতনতা কর্মসূচির মূল লক্ষ্য, উৎসবের আনন্দ যেন কোনও প্রাণীর কাছে আতঙ্কের কারণ না হয়।
বার্তা একটাই—শব্দবাজি নয়, আলোর রোশনাইয়ে ভরে উঠুক দীপাবলি।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা