
দুর্গাপুর, ১০ নভেম্বর(হি.স.): সামনে মোমোর হোডিং, ভিতরে অবৈধ উপায়ে আধার-ভোটার কার্ড তৈরির কারবার! তৃণমূলের মদতে মোমোর দোকানের আড়ালে ‘বেআইনি’ কারবার চলে বলে অভিযোগ। সেই সব কার্ড বানাতে নেওয়া হচ্ছে আবার অতিরিক্ত টাকা। সরকারি নিয়ম লঙ্ঘন করে এসব কাজ হত বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে ওই দোকানের কারবারের প্রতিবাদে সরব হল বিজেপি। মঙ্গলবার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল দুর্গাপুর থানার প্রান্তিকা পাঁচ মাথা মোড়ে।
ঘটনায় জানা গেছে, প্রান্তিকায় বিজেপির দলীয় কার্যালয়ের পাশে মোমোর একটি দোকান রয়েছে। সেইখানেই দীর্ঘদিন ধরে ভোটার, আধার প্যান কার্ড-সহ নানারকম কার্ড তৈরি হয়। অভিযোগ, সরকারি নিয়ম লঙ্ঘন করেও অনেক ক্ষেত্রে কার্ড বানিয়ে দিচ্ছে ওই দোকানদার। এদিন প্রতিবাদে সরব হয় বিজেপি। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরও অভিযোগ, বর্তমানে যেখানে বিজেপির কার্যালয় রয়েছে সেখানেই তৃণমূল আমলে তৃণমূলের দলীয় কার্যালয় ছিল। তৃণমূল নেতাদের মদতে এইসব কাজ হত। বিজেপির অভিযোগ, যাঁরা এই দেশের নাগরিক নন তাঁদেরও আধার ভোটার কার্ড বানিয়ে দেওয়া হত। বিজেপির
১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক অতুল বাগদি অভিযোগ করেন, “তৃণমূল আমল থেকে এ ধরনের কাজ করছে এরা। তৃণমূল নেতাদের মোটা টাকা নিয়ে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দেওয়ার ও কাজ করত এরা। বর্তমানে আর এসব চলবে না। বৈধ নথি থাকতে হবে আর অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। আমরা পুলিশের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছি।” দোকানের মালিক মুকেশ কুমার সাউ বলেন,”এক বছর ধরে দোকান করেছি। আগে মোমোর দোকান ছিল। বর্তমানে আমি অনলাইন দোকান করেছি। তবে অনলাইন দোকান করতে কোন অনুমতি লাগে কি না আমার জানা নেই। আমি অতিরিক্ত টাকা নিই না। আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা