
কলকাতা, ১০ নভেম্বর (হি, স.) : পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের বিভাগীয় কমিটির বৈঠক মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার শীলেন্দ্র প্রতাপ সিং এবং দুই ডিভিশনের আধিকারিকেরা। এদিনের বৈঠকে অমৃত ভারত স্টেশন, কবচ প্রযুক্তি, রোড ওভারব্রিজ, আন্ডারপাস ও প্ল্যাটফর্ম সম্প্রসারণের অগ্রগতি তুলে ধরা হয়েছে। সাংসদদের সামনে নতুন ‘জন প্রতিনিধি পোর্টাল’-ও প্রদর্শিত হয়। বৈঠকে সৌগত রায় সভাপতি নির্বাচিত হন। কাটোয়া–আজিমগঞ্জে নতুন ট্রেন, কাটোয়া–শিয়ালদহ লোকাল, এসি লোকাল, মেমু পরিষেবা, নসিপুর সেতু দিয়ে ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও কল্যাণীতে হাজারদুয়ারি এক্সপ্রেসের স্টপেজ-সহ একাধিক প্রস্তাব নিয়ে চর্চা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি এই প্রসঙ্গে জানিয়েছেন যে, যাত্রীস্বার্থে প্রস্তাবগুলি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত