বিহারে রেলের কাজ সেরে ফেরার পথে কাটিহারে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের যুবক, চরম উদ্বেগ পরিবারে
​হরিশ্চন্দ্রপুর (মালদা), ১০ নভেম্বর (হি.স.) : বিহারে রেললাইনের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে হঠাৎই নিখোঁজ হয়ে গেলেন মালদার হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে নিখোঁজ যুবকের পরিবারে। চারদিন পার হয়ে
বিহারে রেলের কাজ সেরে ফেরার পথে কাটিহারে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের যুবক, চরম উদ্বেগ পরিবারে


​হরিশ্চন্দ্রপুর (মালদা), ১০ নভেম্বর (হি.স.) :

বিহারে রেললাইনের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে হঠাৎই নিখোঁজ হয়ে গেলেন মালদার হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে নিখোঁজ যুবকের পরিবারে। চারদিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ যুবকের নাম সালাউদ্দিন (২৭)। তিনি হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত দক্ষিণ তালগ্রামের বাসিন্দা।

​পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বিহারের সেলিমপুর এলাকায় প্রায় এক মাস ধরে রেললাইনের কাজে কর্মরত ছিলেন সালাউদ্দিন। কাজ শেষে গত শনিবার এলাকার আরও প্রায় ২০ জন শ্রমিকের সঙ্গে একসঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু কাটিহার রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান সালাউদ্দিন।

​পরিবারের সদস্যদের প্রাথমিক আশঙ্কা, মানসিক ভারসাম্য কিছুটা বিঘ্নিত থাকায় তিনি হয়তো অসাবধানতাবশত ভুল ট্রেনে উঠে বারসইয়ের দিকে চলে গিয়ে থাকতে পারেন। স্বজনরা সমস্ত সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিশ পাননি। এই ঘটনায় ইতিমধ্যেই কাটিহার জিআরপি বা স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি রুজু করা হয়েছে।

​বাড়িতে স্ত্রী ও তিনটি ছোট ছোট নাবালক সন্তানকে নিয়ে সালাউদ্দিনের পরিবার এখন চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের কোনো খোঁজ না মেলায় অসহায় হয়ে পড়েছেন পরিজনেরা। সালাউদ্দিনের সন্ধানে পুলিশ ও রেল প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও সহযোগিতার আকুল আরজি জানিয়েছেন তাঁর পরিবার।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande