
মালদা, ১০ নভেম্বর (হি.স.) :
মালদা জেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ইংরেজবাজার পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের গয়েশপুর এলাকায় এক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পুরসভা থেকে বরাদ্দকৃত বিপুল সংখ্যক প্লাস্টিকের বালতি ও বৈদ্যুতিক সরঞ্জাম পড়ে থাকার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চরম উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।
স্থানীয় বিজেপি কাউন্সিলর তথা বিজেপির মহিলা মোর্চার দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভানেত্রী সুপর্ণা মুখোপাধ্যায়ের সুনির্দিষ্ট অভিযোগ, পুরসভার ভোটের ফল প্রকাশের পর থেকেই ওই তৃণমূল কার্যালয়টি বন্ধ অবস্থায় পড়েছিল। কিন্তু সোমবার রাতে হঠাৎই কার্যালয়ের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তখনই ঘরের ভিতর পুরসভার লোগো দেওয়া অসংখ্য প্লাস্টিকের বালতি ও ইলেকট্রিক ডেকোরেশনের নানা সরঞ্জাম ডাম্প করে রাখা রয়েছে বলে দেখা যায়।
মঙ্গলবার সকালে এই খবর পাওয়া মাত্রই এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিজেপি কাউন্সিলর সুপর্ণা মুখোপাধ্যায়। ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, সাধারণ গরিব মানুষের মধ্যে বন্টনের জন্য পুরসভা থেকে যে সরকারি বালতি ও জিনিসপত্র বরাদ্দ করা হয়েছিল, তা সাধারণ নাগরিকরা পাননি। শাসকদলের লোকজন বেআইনিভাবে সরকারি সম্পত্তি এনে নিজেদের দলীয় কার্যালয়ে মজুত করে রেখেছিল। পুরসভার সরকারি তহবিলের এই চরম অপব্যবহার ও দুর্নীতির বিরুদ্ধে তিনি আদালতের পাশাপাশি পুলিশ প্রশাসন ও পুর কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত