
মুম্বই, ১০ নভেম্বর (হি.স.): কেজিএফ’, ‘সালার’ এবং ‘কান্তারা’-র পর এবার সম্পূর্ণ ভিন্নস্বাদের ছবিমুক্তির কথা ঘোষণা করলো হোম্বলে ফিল্মস। এবার হোম্বলে ফিল্মস এবং ট্রান্সেন্ডেন্টাল ফিল্মস যৌথভাবে তৈরি করতে চলেছে একটি ‘অ্যানিমেটেড ছবি, নাম শরণাগতি— দ্য লাইফ অফ আ সারেন্ডার্ড সোল’। ছবিটির পরিচালনা করেছেন গৌরা শক্তি দাস। ছবিটির প্রযোজক রাজেশ সিং ও লোহিত রাও এবং দৃশ্য পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রীধর শিকারীপুরা ।
ছবিটি ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য এ. সি. ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের জীবন এবং তাঁর আধ্যাত্মিক যাত্রার ওপর ভিত্তি করে নির্মিত হবে। শ্রীল প্রভুপাদের ব্যাস পুজো উপলক্ষ্যে ২০২৭ সালের আগস্ট মাসে মুক্তি পাবে এই ছবিটি । ছবিটিতে তুলে ধরা হবে শ্রীল প্রভুপাদের সংগ্রাম ও ত্যাগের কাহিনি। ১৯৬৫ সালে ভারত থেকে আমেরিকা যাত্রা করার সময় বছর ৬৯ এর শ্রীল প্রভুপাদের সঙ্গে ছিল ভগবদ্গীতার শিক্ষা ।
‘শরণাগতি’ ছবির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, এতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও মোশন ক্যাপচার প্রযুক্তি। এর মাধ্যমে মানুষের শারীরিক গতিবিধি, হাবভাব এবং মুখের অভিব্যক্তিকে ডিজিটাল অ্যানিমেশনে রূপান্তর করা হবে, যা অ্যানিমেটেড চরিত্রগুলিকে জীবন্ত করে তুলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক