
নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): বাংলাদেশের রাজধানী ঢাকার ঘিঞ্জি এলাকা থেকে চিনা ভ্লগারদের সরাসরি সম্প্রচার নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানাল ভারত। অভিযোগ, ঢাকার দৃশ্যকে দিল্লির বলে তুলে ধরার জন্য বিদেশি ব্যক্তিদের টাকা দিয়ে কাজে লাগানো হচ্ছে। এই ধরনের প্রচেষ্টাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে বিদেশ মন্ত্রক।
মঙ্গলবার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলি ভারতের নজরে এসেছে। কোনও দেশের বিকৃত ছবি তুলে ধরার চেষ্টা কখনওই কাম্য নয়।
তিনি বলেন, ঢাকাকে দিল্লি বলে দেখানোর জন্য বিদেশি ব্যক্তিদের অর্থের বিনিময়ে কাজে লাগানোর চেষ্টা হলে তা মিথ্যা প্রচার ছাড়া কিছু নয়। এ ধরনের কাজ যারা করছে এবং এর পিছনে যারা রয়েছে, তাদের বিশ্বাসযোগ্যতাই এতে নষ্ট হচ্ছে।
এই ধরনের কাজে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য