
নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরোনোর সময় হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। হাঁটতে হাঁটতেই পথেই হঠাৎ অচৈতন্য হয়ে পড়ে যান তিনি এবং বেশ কিছুক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলেন। ঘটনার পরপরই সুরক্ষাকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে বাসভবনে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা করান। তবে তাঁর শারীরিক পরিস্থিতির জটিলতা বিবেচনা করে পরবর্তীতে দ্রুত তাঁকে দিল্লির সর্বভারতীয় আয়ুরবিজ্ঞান সংস্থান -এ ভর্তি করা হয়েছে।
পারিবারিক ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রাতঃভ্রমণের সময় আচমকা মূর্ছা যাওয়ার পর সুরক্ষাকর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে পিসিআর ভ্যানে করে তাঁকে বাসভবনে নিয়ে আসেন। খবর পেয়ে ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস -এর একটি বিশেষ মেডিক্যাল টিম এবং এইমসের বরিষ্ঠ চিকিৎসক ডঃ সন্দীপ শেঠ তাঁর বাসভবনে পৌঁছে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। কিন্তু শারীরিক পরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে একটি বিশেষ অ্যাম্বুলেন্সে করে তাঁকে এইমসে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র মারফৎ জানা গিয়েছে, ৭৫ বছর বয়সি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে এইমসের কার্ডিও-নিউরো সেন্টারে ভর্তি রেখে চিকিৎসা চালানো হচ্ছে। বর্তমানে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্রতিনিধি দল তাঁর শারীরিক পরিস্থিতি ২৪ ঘণ্টা কড়া পর্যবেক্ষণে রাখছেন এবং তাঁর একাধিক জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার ইতিহাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। কারণ, গত বছরও বুকে তীব্র ব্যথার সমস্যা দেখা দেওয়ায় প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে এইমসের কার্ডিয়াক বিভাগে ভর্তি করে জরুরি চিকিৎসা প্রদান করা হয়েছিল। এইমসে তাঁর ভর্তির খবরে উচ্চপদস্থ প্রশাসনিক মহল সহ সর্বত্র গভীর উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি