
আগরতলা, ১৪ নভেম্বর (হি.স.) : দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর ১৩৬তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার এই উপলক্ষ্যে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা এবং আধুনিক ভারতের অন্যতম রূপকার পণ্ডিত জওহরলাল নেহেরুকে।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীস কুমার সাহার নেতৃত্বে দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা প্রথমে পণ্ডিত নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা গান্ধীঘাটের গান্ধী স্মৃতি সৌধে উপস্থিত হয়ে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। দেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার পর জাতি গঠনে নেহেরুর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন তাঁরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীস কুমার সাহা বলেন, শিশুদের প্রতি তাঁর অপরিসীম ভালোবাসা ও স্নেহের কারণে পণ্ডিত জওহরলাল নেহেরু সারা দেশে 'চাচা নেহেরু' নামে পরিচিত ছিলেন। তাঁর জন্মদিন ১৪ নভেম্বর গোটা দেশে শিশু দিবস হিসেবে পালিত হয়। শিশুদের ভবিষ্যৎকে দেশের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করতেন তিনি। তাই শিশুদের শিক্ষা, বিকাশ এবং উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের প্রতি নেহেরুর বিশেষ গুরুত্ব ছিল।
তিনি আরও বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে পণ্ডিত জওহরলাল নেহেরুর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি স্বাধীনতার পর একটি আধুনিক, বিজ্ঞানমনস্ক ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং শিল্পের বিকাশকে তিনি রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করেছিলেন।
আশীস কুমার সাহার বক্তব্য অনুযায়ী, দেশে আইআইটি ও এইমস-এর মতো গুরুত্বপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে শিল্প ও অর্থনৈতিক পরিকাঠামোর বিকাশে নেহেরুর অবদান বিশেষভাবে স্মরণীয়। তাঁর দূরদর্শী চিন্তাভাবনা ও পরিকল্পনার ভিত্তিতেই স্বাধীনতার পর ভারত আধুনিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছিল।
পণ্ডিত নেহেরুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে তাঁর জীবনাদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ, ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনা এবং আধুনিক ভারত নির্মাণের স্বপ্নকে নতুন করে স্মরণ করল প্রদেশ কংগ্রেস। দলের নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হয় এদিনের কর্মসূচি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ