
কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.) :
ট্রেন চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা আরও সুনিশ্চিত করতে এবার লোকো পাইলটদের মানসিক সুস্থতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করল পূর্ব রেল। শনিবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে, জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশনায় গত ১৩ নভেম্বর শিয়ালদহের ক্রু-লবিতে লোকো পাইলটদের জন্য একটি বিশেষ ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ (মানসিক চাপ নিয়ন্ত্রণ) কর্মসূচির আয়োজন করা হয়।
শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনার নেতৃত্বে আয়োজিত এই কর্মশালায় কর্মক্ষেত্রে মানসিক চাপের বিভিন্ন দিক নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়। সমাপ্তি পর্বের অনুষ্ঠানের পর প্রতিক্রিয়ায় ডিআরএম জানান, ট্রেন চালকদের কর্মক্ষেত্রের চাপ সামলানোর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে চিকিৎসক সঞ্জীব চৌধুরী মানসিক চাপের লক্ষণগুলি চিহ্নিত করা এবং তা মোকাবিলার বৈজ্ঞানিক উপায়গুলি ব্যাখ্যা করেন। এর রেশ ধরেই মনোরোগ বিশেষজ্ঞ দেবদত্তা পতি লোকো পাইলটদের কাজের সময় একাগ্রতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা বজায় রাখা এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে সঠিক ভারসাম্য রক্ষার কৌশলগুলি বিশদে তুলে ধরেন।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) শিবরাম মাঝি এই প্রসঙ্গে জানান, নিরাপদ ও নির্বিঘ্ন ট্রেন চলাচলের জন্য লোকো পাইলটদের মানসিক সুস্থতা ও স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। চালকদের সুস্বাস্থ্য এবং সামগ্রিক কল্যাণের কথা মাথায় রেখে আগামী দিনেও রেলের তরফে এই ধরনের কর্মসূচি জারি রাখা হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত