
কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.) :পশ্চিমবঙ্গের সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমস্ত আবেদন ফি সম্পূর্ণভাবে মকুব করার ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্য সরকার তাদের সংকল্প পত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই ব্যবস্থা কার্যকর করবে। এর পাশাপাশি, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন স্নাতক ও প্রাক্তণ বা অ-স্নাতক চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের নিয়মিত আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নতুন প্রকল্প চালুরও ব্যাপক প্রস্তুতি চলছে।
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণাঁগুলি করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি চাকরির জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদন করার সময় পরীক্ষার্থীদের বারবার মোটা অঙ্কের ফি জমা দিতে হয়। এর ফলে দরিদ্র ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের তরুণ-তরুণীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়। সাধারণ পরিবারের এই দুর্দশার কথা মাথায় রেখেই রাজ্য সরকার পরীক্ষার আবেদন ফি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের প্রস্তুতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ‘ভরসা যোজনা’ নামে একটি নতুন প্রকল্প আনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় চাকরিপ্রার্থীদের দুটি পৃথক শ্রেণীতে বিভক্ত করে সহায়তা দেওয়া হবে। বেকার যুবক-যুবতীরা যতক্ষণ না পর্যন্ত কোনো স্থায়ী চাকরি বা সংস্থান পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্প সংক্রান্ত বিশদ নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
পাশাপাশি, ছাত্রীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম ও প্রশস্ত করতে আগামী জানুয়ারি মাস থেকেই রাজ্যে ‘ভগিনী নিবেদিতা যোজনা’ চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করার পর কলেজ বা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা চালিয়ে যেতে ইচ্ছুক ছাত্রীদের আগামী তিন বছরে ধাপে ধাপে মোট ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।
রাজ্যে পুলিশ কর্মী নিয়োগের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, আগামী মাসেই রাজ্য পুলিশে ১ হাজার ৩৩১ জন সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। এছাড়া আসছে জানুয়ারি মাসে কলকাতা পুলিশে ৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। পাশাপাশি, চলতি মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশে নতুন চাকরির বিজ্ঞাপনী বা রিক্রুটমেন্ট অ্যাডভারটাইজমেন্ট প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠান মঞ্চ থেকে আইনশৃঙ্খলা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অত্যন্ত কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজ্যে মাদক বা নার্কোটিকসের কারবারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা বিন্দুমাত্র ছাড় না দেওয়ার নীতি নেওয়া হয়েছে। একই সঙ্গে সমস্ত ধরনের সাট্টা ও জুয়ার আড্ডা কঠোর হাতে চিরতরে বন্ধ করারও চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন তিনি। বিভিন্ন মেলা ও উৎসব কমিটির উদ্যোক্তাদের উদ্দেশে তাঁর পরিষ্কার বার্তা—মেলা প্রাঙ্গণে কোনোভাবেই যেন জুয়া বা লটারির আসর না বসে, সেদিকে কড়া নজর রাখতে হবে। এই ধরনের বেআইনি কর্মকাণ্ডে সরকার কোনো প্রকার নমনীয়তা দেখাবে না।
উল্লেখ্য, রাজ্যের তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, সঠিক কেরিয়ারের দিশা দেখানো এবং তাদের আত্মনির্ভর করে তুলতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ‘পেস’ (PACE - Police Assistance in Career and Employment Enhancement) নামের একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত এই ‘পেস’ কর্মসূচির অনুষ্ঠানে যোগ দিয়েই একগুচ্ছ জনকল্যাণমূলক ও যুগান্তকারী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
হিন্দুস্থান সমাচার / সোনালি