মদ-গাঁজার ঠেকের প্রতিবাদ করায় কাঁকসার গোপালপুরে মহিলাদের ওপর হামলা, আহত একাধিক, পুলিশকে কড়া হুঁশিয়ারি বিধায়কের
দুর্গাপুর, ১৬ নভেম্বর (হি.স.) : এলাকায় প্রকাশ্যে মদ, গাঁজা এমনকি ব্রাউন সুগারের আসর বসানোর প্রতিবাদ জানানোয় রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুর উত্তরপাড়া। দুই পক্ষের তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষে একাধিক মহিলার মাথা ফাটার পাশাপাশি ধা
মদ-গাঁজার ঠেকের প্রতিবাদ করায় কাঁকসার গোপালপুরে মহিলাদের ওপর হামলা, আহত একাধিক, পুলিশকে কড়া হুঁশিয়ারি বিধায়কের


দুর্গাপুর, ১৬ নভেম্বর (হি.স.) :

এলাকায় প্রকাশ্যে মদ, গাঁজা এমনকি ব্রাউন সুগারের আসর বসানোর প্রতিবাদ জানানোয় রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুর উত্তরপাড়া। দুই পক্ষের তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষে একাধিক মহিলার মাথা ফাটার পাশাপাশি ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। রবিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালপুর উত্তরপাড়ায় দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ এবং মদ, গাঁজা ও ব্রাউন সুগারের ঠেক বসছিল বলে অভিযোগ। রবিবার রাতে এলাকাবাসীরা একত্রিত হয়ে এর প্রতিবাদ জানাতে গেলে দুষ্কৃতীদের সঙ্গে তাঁদের বচসা বাধে। মুহূর্তের মধ্যেই সেই বচসা হাতাহাতি ও ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে গ্রামবাসীদের ওপর চড়াও হলে এক ব্যক্তি গুরুতর জখম হন এবং প্রতিবাদী বেশ কয়েকজন মহিলা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।

আহতদের দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। রবিবার রাতে পুলিশ গিয়ে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিলেও সোমবার সকালে ফের এলাকায় উত্তেজনা ছড়ায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি টহলদারি ও কড়া নজরদারি শুরু করা হয়েছে।

এদিকে, এই হামলার ঘটনার পর পুলিশ ও প্রশাসনকে কার্যত কড়া হুঁশিয়ারির সুরে বার্তা দিয়েছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এলাকায় মদ, গাঁজা ও ব্রাউন সুগারের আসর বসার খবর পেয়েই আমি পুলিশকে জানিয়েছি এবং পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে আটকও করেছে। তবে আগামী দিনে এলাকায় ফের এই ধরনের ঘটনা ঘটলে পুলিশকে কীভাবে কাজ করাতে হয় তা আমাদের জানা আছে, সেইভাবেই কাজ করানো হবে।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ এবং মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande