
দুর্গাপুর, ১৭ নভেম্বর (হি. স.): পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল প্রায় ২০০ কেজি গাঁজা। ঘটনায় ধরা পড়েছে দুই পাচারকারী। উদ্ধার হয়েছে নগদ অর্থ। বাজেয়াপ্ত হয়েছে তাদের মোবাইল ও গাড়ি। সোমবার রাত্রে ঘটনাটি ঘটেছে ১৯ জাতীয় সড়কের অন্ডালের টপ লাইন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নওশাদ আলি মন্ডল, নদীয়ার সোনঘাটা ও বিশ্বজিৎ সাধুখাঁ নদীয়ার আড়ংঘাটার বাসিন্দা। মঙ্গলবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে দেন। ঘটনায় জানা গেছে, ১৯ নং জাতীয় সড়কের অন্ডালের টপ লাইন এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল। ওইসময় সন্দেহজনক একটি গাড়ি আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশী চালাতে গাঁজার বান্ডিল উদ্ধার হয়। এরপরই পুলিশ গাঁজা ভর্তি গাড়ি সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে, পাশাপাশি একটি চার চাকা গাড়ি, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ওড়িশা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মাদক পাচারের পিছনে আরও কারা জড়িত, কোথায় কোথায় এই চক্রের জাল বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা