কাটগড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের শ্বশুর, দুর্গাপুরে আশ্রমের নামে জমি দখল করে প্রমোটারি, প্রতিবাদ করায় বিজেপিকর্মীর ওপর হামলা
দুর্গাপুর, ১৭ নভেম্বর (হি. স.): আশ্রমের নামে সরকারি জমি দখল করে প্রমোটারি। ওই জমিতে বাড়ি তৈরি করে ভাড়ায় খাটানো হচ্ছে। আর তার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম বিজেপি কর্মী। অভিযোগের আঙ্গুল প্রাক্তন তৃণমূল কাউ
কাটগড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের শ্বশুর, দুর্গাপুরে আশ্রমের নামে জমি দখল করে প্রমোটারি, প্রতিবাদ করায় বিজেপিকর্মীর ওপর হামলা


দুর্গাপুর, ১৭ নভেম্বর (হি. স.): আশ্রমের নামে সরকারি জমি দখল করে প্রমোটারি। ওই জমিতে বাড়ি তৈরি করে ভাড়ায় খাটানো হচ্ছে। আর তার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম বিজেপি কর্মী। অভিযোগের আঙ্গুল প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের শ্বশুরের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনিতে৷

ঘটনায় আহত বিজেপি কর্মীর নাম সমীর সরকার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযোগের আঙুল দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিপুল সাহার শ্বশুর কুমারেশ সাহার বিরুদ্ধে।

মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহানন্দা কলোনিতে আশ্রম তৈরির নাম করে একের পর এক সরকারি জমি দখল করে ঘর নির্মাণ হয়েছে। এবং তা ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে কুমারেশ সাহার বিরুদ্ধে। অভিযোগ, এর আগেও এই জমি দখলের প্রতিবাদ করা হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিবাদীদের হুমকি দেওয়া হতো। সোমবার রাতে ফের জমি দখলের কাজ শুরু হলে প্রতিবাদ করেন স্থানীয় বিজেপি কর্মী সমীর সরকার। অভিযোগ, সেই প্রতিবাদের জেরেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালানো হয়। তাঁর দুই হাতে গুরুতর আঘাত লাগে। এরপর উত্তেজিত জনতা ঘটনার ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। আহত দু'জনকেই উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি নেতা সমীর সরকার বলেন, তৃণমূল জামানায় প্রভাব খাটিয়ে একের পর এক জমি দখল করে প্রমোটারি করেছে। আশ্রমের নামে জমি নিয়ে বাড়ি তৈরী করে ভাড়ায় খাটাচ্ছে। তখন অভিযোগ জানিয়েও কাজ হয়নি। সরকার বদল হতেই অভিযোগ জানিয়েছি। এ ধরনের জমি দখল করার প্রতিবাদের সরব হয়েছি। তাই আমার উপর হামলা চালানো হয়েছে। আমি চাই, এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাল্টা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের শ্বশুর কুমারেশ সাহা দাবি করেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ সঠিক নয়। প্রথমে আমার উপরই আক্রমণ করা হয়েছে। পরিস্থিতির চাপে এবং আত্মরক্ষার জন্য আমাকে পাল্টা প্রতিরোধ করতে হয়েছে। আমি কাউকে পরিকল্পনা করে মারধর করিনি। গোটা ঘটনার সঠিক তদন্ত হলেই প্রকৃত সত্য সামনে আসবে। দুর্গাপুর পুর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারি জমি দখল করে প্রোমাটারি কোনভাবেই বরদাস্ত করা হবে না। আইন আইনের পথে চলবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande