
হাফলং (অসম), ১৭ নভেম্বর (হি স): শতাব্দীপ্রাচীন জলাশয় কি এ বার বাণিজ্যিক নির্মাণের জন্য ভরাট করা হবে? বদরপুর রেলস্টেশন সংলগ্ন রেলের জমিতে থাকা একটি পুরনো জলাশয় রক্ষার দাবিতে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হল নর্থ ইস্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি তথা প্রবীণ সাংবাদিক হারাণ দে-র নেতৃত্বে জনস্বার্থ মামলা দায়ের করে জলাশয়টি সংরক্ষণে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। একই সঙ্গে বদরপুর রেলস্টেশনে যাত্রী পরিষেবার বেহাল দশা নিয়েও আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠনটি।
মামলায় উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের জারি করা একটি দরপত্রকে কেন্দ্র করে আপত্তি জানানো হয়েছে। ওই দরপত্রে বদরপুর রেলস্টেশনের কাছে একটি বহুতল বাণিজ্যিক শপিং আর্কেড নির্মাণের প্রস্তাব রয়েছে। সংগঠনের অভিযোগ, প্রস্তাবিত নির্মাণের জন্য যে নকশা প্রকাশ করা হয়েছে, তাতে সংশ্লিষ্ট শতাব্দীপ্রাচীন জলাশয়টি ভরাট করার বিষয়টি স্পষ্ট করা হয়নি।
আবেদনকারীদের বক্তব্য, জলাশয়টি ভরাটের উদ্যোগ মিশন অমৃত সরোবর, ভারতীয় রেলের জলনীতি, রেল বোর্ডের সংশ্লিষ্ট নির্দেশিকা এবং পরিবেশ সংরক্ষণের স্বীকৃত নীতির পরিপন্থী। এই জলাশয় বুজিয়ে দেওয়া হলে স্থানীয় বাস্তুতন্ত্রের অপূরণীয় ক্ষতি হতে পারে। পাশাপাশি এলাকার স্বাভাবিক জলনিকাশি ব্যবস্থাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
জলাশয় সংরক্ষণের পাশাপাশি বদরপুর রেলস্টেশনের যাত্রী পরিষেবার বেহাল ছবিও জনস্বার্থ মামলায় তুলে ধরেছে সংগঠনটি। স্টেশনে যাতায়াতের রাস্তার দীর্ঘদিনের সমস্যা, অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থার কারণে জল জমে থাকা এবং পর্যাপ্ত পথবাতির অভাব যাত্রীদের দুর্ভোগ বাড়াচ্ছে। বিশেষ করে অন্ধকার ও জলমগ্ন রাস্তা যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে বলে অভিযোগ।
মামলাটির শুনানিতে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি আশুতোষ কুমার এবং বিচারপতি কৌশিক গোস্বামীর ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের কাছে নোটিশ জারি করেছে। মামলায় উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে জবাব দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে সময়ও দিয়েছে আদালত।
শতাব্দীপ্রাচীন জলাশয়টির সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বদরপুর রেলস্টেশনে প্রয়োজনীয় যাত্রী পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নে উপযুক্ত নির্দেশ জারির আবেদন জানিয়েছে সংগঠনটি। মামলায় আবেদনকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী প্রকৃতীশ শর্মা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব