
হুগলি,১৭ নভেম্বর (হি.স): রাজ্যে পালাবদলের ছয় মাস পেরিয়ে গেলেও উত্তরপাড়া পুরসভার পুরপ্রধানের ঘরে কেন এখনও রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ছবি লাগানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তুললেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে তিনি উত্তরপাড়া পুরসভায় গিয়ে পুরপ্রধানের ঘরে উপস্থিত হন এবং আধিকারিকদের কাছে বিষয়টি জানতে চান।
বিধায়কের বক্তব্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর ছয় মাস কেটে গেলেও পুরপ্রধানের ঘরে মুখ্যমন্ত্রীর ছবি না থাকা যথেষ্ট বিস্ময়কর। তাঁর এই প্রশ্নের পরেই বিষয়টি নিয়ে পুরসভা কর্তৃপক্ষের মধ্যে তৎপরতা দেখা যায়। এরপর মঙ্গলবার বিকেলে পুরসভার পক্ষ থেকে পুরপ্রধানের ঘরে নতুন করে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ছবি লাগানো হয়।
অন্যদিকে, এই বিষয়ে পুরসভা কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তাঁদের তরফে জানানো হয়, ছবি আগেই তৈরি করা ছিল। বিধায়ক বিষয়টি জানানোর পর নির্দিষ্ট কর্মীকে ডেকে ছবিগুলি লাগিয়ে দেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে উত্তরপাড়া পুরসভায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিধায়কের হস্তক্ষেপের পরেই পুরপ্রধানের ঘরে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ছবি লাগানোকে ঘিরে স্থানীয় মহলেও চর্চা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা