
হাফলং (অসম), ১৮ নভেম্বর (হি স): হারাঙ্গাজাও-সহ ডিমা হাসাও জেলার বিভিন্ন এলাকায় দুই ও তিন চাকার যানবাহন চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। পর পর এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে আর্থিক ভাবে দুর্বল কয়েকটি পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন অটো-রিকশা চুরি যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট মালিকেরা।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন প্রাক্তন বিধায়ক তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্য সমরজিত হাফলংবার। তিনি জানান, সম্প্রতি বোরো মুলকই এবং দোলাইচুঙ্গা গ্রামের কয়েকটি বাড়ির বারান্দায় রাখা যানবাহন গভীর রাতে চুরি হয়েছে। একই ভাবে হারাঙ্গাজাও এলাকার রাঙাপুর গ্রাম থেকেও একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে সমরজিত বলেন, চুরি যাওয়া কয়েকটি অটো-রিকশাই ছিল সংশ্লিষ্ট পরিবারের একমাত্র রোজগারের মাধ্যম। ওই যানবাহনের উপার্জনের উপর নির্ভর করেই তাঁদের সংসার চলত। ফলে যানবাহনগুলি চুরি যাওয়ায় পরিবারগুলি কার্যত জীবিকা সঙ্কটে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুর্দশার কথা বিবেচনা করে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি।
ডিমা হাসাওয়ের পুলিশ সুপার এবং হারাঙ্গাজাও থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে দ্রুত তদন্ত করে দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রাক্তন বিধায়ক। পাশাপাশি চুরি যাওয়া যানবাহনগুলি দ্রুত উদ্ধারেরও আর্জি জানিয়েছেন তিনি। রাতের পুলিশি টহল বাড়ানো, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদার করা এবং গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থলে যানবাহন তল্লাশির ব্যবস্থা করার দাবিও তুলেছেন।
একই সঙ্গে ডিমা হাসাও জেলা প্রশাসন এবং স্বশাসিত পরিষদের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির আর্থিক দুরবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় সহায়তার আবেদন জানিয়েছেন সমরজিত। গ্রাম কর্তৃপক্ষ, যুব ও সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকদেরও সন্দেহজনক ব্যক্তি ও কার্যকলাপ সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দরিদ্র পরিবারের একমাত্র যানবাহন চুরি যাওয়া শুধু সম্পত্তির ক্ষতি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের দৈনন্দিন অন্নসংস্থান, আর্থিক নিরাপত্তা এবং বেঁচে থাকার আশা। তাই জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন প্রাক্তন বিধায়ক। উল্লেখ্য বেশ কিছুদিন থেকে ডিমা হাসাও জেলায় হাফলং সহ বিভিন্ন এলাকায় অটো রিষ্কা মটর সাইকেল স্কুটি চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যার ফলে সাধারন মানুষের মধ্যে ব্যাপক প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই এনিয়ে পুলিশের ব্যৰ্থতাকেই দায়ী করেছেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব