
কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.) : সড়ক দুর্ঘটনা রোধ এবং পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বুধবার শহরে এক বিশেষ কর্মসূচির আয়োজন করল পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া (পিআরএসআই)-র কলকাতা শাখা। এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্ব্যত মুখোপাধ্যায় সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা সচেতনতামূলক পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সাধারণ মানুষকে নিরাপদ যাতায়াতের বার্তা দেন। প্রচারের পোস্টারে বিশেষভাবে উঠে আসে ‘স্টপ হর্নিং’ অর্থাৎ অকারণে হর্ন বাজানো বন্ধ করার আবেদন। পিআরএসআই কলকাতা শাখার সভাপতি সৌম্যজ্যোতি মহাপাত্রের বিশেষ উদ্যোগে আয়োজিত এই প্রচার অভিযানের মূল স্লোগান ছিল— ‘লেস রোড, মোর লাইফ’।
অনুষ্ঠানের মাধ্যমে বেপরোয়াভাবে গাড়ি চালানো, অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য করা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের ভয়াবহ বিপদ সম্পর্কে চালক ও পথচারীদের সতর্ক করা হয়। বক্তারা উল্লেখ করেন, পথ নিরাপত্তাকে একটি বৃহত্তর সামাজিক আন্দোলনে পরিণত করতে হলে প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত