
নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে রেল পরিকাঠামোর উন্নয়নে রেকর্ড ২,৭১১ কোটি টাকার বরাদ্দ পেয়েছে রাজধানী দিল্লি। বুধবার দিল্লির মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, শহরের রেল স্টেশনগুলির আধুনিকীকরণ এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে বর্তমানে একাধিক বৃহৎ প্রকল্পের কাজ দ্রুতগতিতে চলছে। এই বিপুল বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, এই আর্থিক বরাদ্দ দিল্লির রেল পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং লক্ষ লক্ষ যাত্রীর পরিষেবা উন্নত করতে সাহায্য করবে। 'বিকশিত ভারত'-এর লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজধানীর পরিকাঠামো আধুনিক করতে কেন্দ্র এবং দিল্লি সরকার একযোগে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। এদিন সম্প্রতি চালু হওয়া নয়াদিল্লি-বারাণসী বন্দে ভারত স্লিপার ট্রেনের বিশেষ প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, গাজিয়াবাদ, আলিগড়, কানপুর এবং প্রয়াগরাজ হয়ে চলাচলকারী এই ট্রেনটি পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং তীর্থযাত্রায় নতুন গতি আনবে। স্বয়ংক্রিয় দরজা, ‘কবচ’ সুরক্ষা ব্যবস্থা এবং আরামদায়ক বার্থযুক্ত এই ট্রেন যাত্রীদের সফরকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দিল্লিতে প্রায় ৮,৯৭৬ কোটি টাকা ব্যয়ে রেলপথ সম্প্রসারণ, স্টেশন পুনর্নির্মাণ, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রী পরিষেবা বৃদ্ধির কাজ চলছে। ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর অধীনে রাজধানীর মোট ১৩টি স্টেশনের ভোল বদলে ফেলা হচ্ছে। এই তালিকায় রয়েছে নয়াদিল্লি, পুরনো দিল্লি, হজরত নিজামুদ্দিন, আনন্দ বিহার টার্মিনাল, দিল্লি ক্যান্টনমেন্ট, দিল্লি সরাই রোহিলা, দিল্লি শাহদারা, নারেলা, সফদরজং, বিজওয়াসন, সবজি মান্ডি, তিলক ব্রিজ এবং আদর্শ নগর দিল্লি স্টেশন। এই পুনর্নির্মাণ প্রকল্পের আওতায় আধুনিক স্টেশন ভবন, উন্নত প্রবেশ ও প্রস্থান পথ, প্রতীক্ষালয়, শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা, প্ল্যাটফর্ম শেড, ফুট ওভারব্রিজ, লিফট, এসকেলেটর, উন্নত পার্কিং এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য বিশেষ পরিকাঠামো তৈরি করা হচ্ছে।
বিভিন্ন স্টেশনের কাজের অগ্রগতির খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, নয়াদিল্লি রেল স্টেশনের আজমেরি গেট দিকের হোল্ডিং এরিয়ার নির্মাণকাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ডাবল বেসমেন্ট ও এলিভেটেড রোডের ভিত্তিপ্রস্তরের কাজ শুরু হয়েছে। হজরত নিজামুদ্দিন স্টেশনে সরাই কালে খাঁ-র দিকে দ্বিতীয় প্রবেশপথের পুনর্নির্মাণের পাশাপাশি নতুন সিঁড়ি, এসকেলেটর, লিফট, টিকিট কাউন্টার এবং ফুট ওভারব্রিজ সম্প্রসারণের কাজ চলছে। দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনেও নতুন ভবন, আগমন ও প্রস্থান কনকোর্স এবং এলিভেটেড রোড তৈরির কাজ এগোচ্ছে।
এছাড়া, সফদরজং রেল স্টেশনের নতুন ভবন এবং সিগন্যাল ও টেলিকমিউনিকেশন ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজওয়াসন স্টেশনের মূল কাঠামোর কাজ শেষ হওয়ার পর এখন প্ল্যাটফর্ম শেড ও সাবওয়ে তৈরির কাজ চলছে। পাশাপাশি নারেলা, সবজি মান্ডি এবং তিলক ব্রিজ স্টেশনেও নতুন ভবন, আধুনিক শৌচাগার, পার্কিং ও লিফট বসানোর কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আশা প্রকাশ করেছেন, এই চলমান প্রকল্প এবং নতুন ট্রেন পরিষেবাগুলি যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং দেশের অন্যতম প্রধান পরিবহণ কেন্দ্র হিসেবে দিল্লির অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ