
উধমপুর (জম্মু ও কাশ্মীর), ১৮ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর খুব শীঘ্রই সম্পূর্ণ ‘সন্ত্রাসমুক্ত’ হতে চলেছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন কেন্দ্রশাসিত অঞ্চলের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। বুধবার উধমপুরের শের-ই-কাশ্মীর পুলিশ অ্যাকাডেমিতে শিক্ষানবিশ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, সাব-ইন্সপেক্টর এবং ফরেস্ট প্রোটেকশন ফোর্সের সহকারী অধিকর্তাদের পাসিং-আউট প্যারেডে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, উপত্যকায় এখন মাত্র হাতেগোনা কয়েকজন বিদেশি জঙ্গি অবশিষ্ট রয়েছে।
অনুষ্ঠানে উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেন, মাত্র হাতেগোনা কয়েকজন বিদেশি জঙ্গি অবশিষ্ট রয়েছে। জম্মু ও কাশ্মীর শীঘ্রই সন্ত্রাসমুক্ত হবে। কয়েক দশক ধরে এখানে এমন এক পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল, যেখানে বছরের অর্ধেক সময় ধরে দোকানপাট, স্কুল এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকত। জম্মু ও কাশ্মীরে থাকা 'সংঘাতের কারবারিরা' সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের ব্যবসায় লিপ্ত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশানির্দেশে দেশ তাদের ওপর জোরালো আঘাত হেনেছে।
বর্তমান সময়ের নতুন নিরাপত্তা চ্যালেঞ্জগুলির কথা তুলে ধরে আধুনিক পুলিশি ব্যবস্থার ওপর জোর দেন উপ-রাজ্যপাল। সাইবার হুমকি, ডিজিটাল মৌলবাদ, ড্রোন-ভিত্তিক হামলা, নার্কো-টেররিজম এবং অন্যান্য অপ্রচলিত যুদ্ধের মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা, ফরেনসিক সক্ষমতা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি।
নবীন পুলিশ আধিকারিকদের উদ্দেশে মনোজ সিনহা বলেন, আজকের নিরাপত্তা বিপদ শুধুমাত্র বন্দুক থেকে নয়, বরং একটি মোবাইল স্ক্রিনের মাধ্যমেও আসতে পারে। আমরা যদি গতকালের পুরোনো পদ্ধতি দিয়ে আজকের চ্যালেঞ্জের মোকাবিলা করি, তবে আমরা পিছিয়ে পড়ব। আমি চাই প্রত্যেক জওয়ান এবং প্রত্যেক আধিকারিক শুধুমাত্র সন্ত্রাস দমনেই নয়, বরং ডিজিটাল সরঞ্জাম, ফরেনসিক সায়েন্স, সাইবার ফরেনসিক, ডিজিটাল প্রমাণ সংগ্রহ এবং নজরদারি প্রযুক্তিতেও সমান দক্ষ হয়ে উঠুন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ