


হাফলং (অসম) ১৮ নভেম্ভর (হি স): ডিমা হাসাওয়ের পর্যটন মানচিত্রে যুক্ত হল আরও এক নতুন আকর্ষণ। লংমায় ‘কিম হাডিং’ নামে একটি নতুন পর্যটনকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল আজ। ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা ফিতে কেটে এই পর্যটনকেন্দ্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পর্যটনস্থল পাহাড়ি জেলার পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে। সবুজে মোড়া মনোরম পরিবেশ, নানা রঙের ফুলে সাজানো বাগান এবং পর্যটকদের ঘোরাফেরার জন্য তৈরি সুসজ্জিত হাঁটার পথ—সব মিলিয়ে নতুন এই পর্যটনকেন্দ্রটি প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।
শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে কিছুটা সময় কাটানো এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার উপযুক্ত জায়গা হিসেবেই সাজিয়ে তোলা হয়েছে স্থানটিকে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে অবসরযাপনের ক্ষেত্রেও এটি পর্যটকদের কাছে নতুন গন্তব্য হয়ে উঠবে বলে প্রত্যাশা।
ডিমা হাসাওয়ের পাহাড়, বনাঞ্চল ও প্রাকৃতিক বৈচিত্র্য বরাবরই পর্যটকদের আকৃষ্ট করে। সেই পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে নতুন নতুন পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগের মধ্যেই লংমায় ‘কিম হাডিং’-এর সংযোজন বিশেষ তাৎপর্যপূর্ণ।
জেলার পর্যটন পরিকাঠামোকে আরও আকর্ষণীয় করে তোলা এবং ডিমা হাসাওকে পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টায় এই নতুন কেন্দ্রের উদ্বোধনকে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব