স্বাস্থ্যক্ষেত্রে স্থায়ী নিয়োগ ও ওয়েটিং লিস্ট থেকে দ্রুত চাকরির দাবিতে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ এএমএইচআর-এর
কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.) : স্বাস্থ্য ক্ষেত্রে মেডিক্যাল, ডেন্টাল, প্যারামেডিক্যাল এবং নার্সিং-সহ সমস্ত শূন্যপদে স্থায়ী নিয়োগ এবং অপেক্ষমাণ তালিকা বা ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে বুধবার সল্টলেকের স্বাস্থ্য ভবনে বিক্ষোভ প্রদর
স্বাস্থ্যক্ষেত্রে স্থায়ী নিয়োগ ও ওয়েটিং লিস্ট থেকে দ্রুত চাকরির দাবিতে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ এএমএইচআর-এর


কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.) : স্বাস্থ্য ক্ষেত্রে মেডিক্যাল, ডেন্টাল, প্যারামেডিক্যাল এবং নার্সিং-সহ সমস্ত শূন্যপদে স্থায়ী নিয়োগ এবং অপেক্ষমাণ তালিকা বা ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে বুধবার সল্টলেকের স্বাস্থ্য ভবনে বিক্ষোভ প্রদর্শন করল ‘অ্যালায়েন্স অফ মেডিকোস ফর হেলথকেয়ার রিফর্মস’ (এএমএইচআর)। এদিনের বিক্ষোভ কর্মসূচির পর সংগঠনের এক প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ডেপুটি ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস (ডেপুটি ডিএইচএস)-এর সঙ্গে দেখা করে তাঁদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি পেশ করেন।

সংগঠনের চিফ কনভেনর অনিকেত মাহাতো স্পষ্ট জানান, জনস্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগ কখনোই স্থায়ী নিয়োগের বিকল্প হতে পারে না। তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লিউবিএইচআরবি)-এর নিয়োগ প্যানেলে ওয়েটিং লিস্ট এবং বহু প্রার্থীর কাজে যোগ না দেওয়ার (নন-জয়েনিং) কারণে এখনও প্রচুর পদ শূন্য পড়ে রয়েছে। অবিলম্বে পরবর্তী মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করে সেই সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।

সংগঠনের পক্ষ থেকে আরও উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে যে, আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসেই সংশ্লিষ্ট প্যানেলটির মেয়াদ শেষ হতে চলেছে। ফলে হাতে সময় অত্যন্ত কম থাকায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অন্যদিকে, স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে আন্দোলনকারীদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে এবং আগামী ২ অথবা ৩ ডিসেম্বর এই বিষয়ে বিস্তারিত আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের এই আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এএমএইচআর।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande