
কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গের পানিহাটিতে বিজেপি কর্মী অরূপ সাহার মৃত্যুর ঘটনার তদন্তে বৃহস্পতিবার দলের পক্ষ থেকে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং বা তথ্যানুসন্ধান কমিটি ঘটনাস্থল পরিদর্শন করল। কমিটি মৃতের স্ত্রী তথা স্থানীয় বিজেপি নেত্রী রুমা সাহার সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে কমিটির সদস্যরা স্পষ্ট করে জানিয়েছেন যে, প্রকৃত দোষী প্রমাণিত হলে তাঁর সাজা হওয়া উচিত, কিন্তু যথাযথ তদন্ত ছাড়া কোনো নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না। এই কমিটিতে রয়েছেন রাহুল সিনহা, সোনালী মুর্মু এবং নীলাঞ্জন অধিকারী। বৃহস্পতিবার তাঁরা পানিহাটির দেশবন্ধুনগর এলাকায় পৌঁছে গোটা ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। ওই সময় বিজেপির উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ও সেখানে উপস্থিত ছিলেন।
সূত্রের খবর, গত ১৪ নভেম্বর পানিহাটির দেশবন্ধুনগর এলাকায় পাড়ার একটি বিবাদ মেটানোর সময় অরূপ সাহার ওপর হামলার অভিযোগ উঠেছিল। অভিযোগ অনুযায়ী, তাঁর বুকে ধাক্কা মেরে তাঁকে মাটিতে ফেলে দেওয়া হয়। বাড়ি ফেরার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় মৃতের স্ত্রী রুমা সাহা নিজেদেরই দলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর দলে যোগ দেওয়া কয়েকজন ব্যক্তি তাঁর স্বামীকে ধাক্কা মেরেছিলেন। ঘটনার পর এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বৃহস্পতিবার কমিটির সদস্যদের সামনেও এই বিষয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন রুমা সাহা।
অরূপের মৃত্যুর পর স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ শোক প্রকাশ করে মন্তব্য করেছিলেন যে, হয়তো বিজেপির ক্ষমতায় না আসাই ভালো ছিল। কমিটির সদস্যরা তাঁর সঙ্গেও দেখা করেন। এছাড়া অভিযুক্ত রাজদীপ দাস, ননী সহ আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন তাঁরা। পাশাপাশি খড়দহ থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং ব্যারাকপুরের এসিপি-র সঙ্গেও ঘটনার তদন্ত নিয়ে আলোচনা সারে কমিটি।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিনহা বলেন, কেউ দোষী হলে অবশ্যই তাঁর শাস্তি হওয়া উচিত। তবে কোনো কারণ বা প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বা নির্দোষ বলে চিহ্নিত করা ঠিক হবে না। মৃতের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অন্যদিকে, অভিযুক্ত রাজদীপ দাস মৃতের স্ত্রীর তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। কয়েকজন ব্যক্তি বিবাদ মেটানোর জন্য তাঁকে ফোন করে ডেকেছিলেন। তিনি ঘটনাস্থলে গেলেও মূল ঘটনা ঘটার আগেই সেখান থেকে চলে আসেন। তাঁর সঙ্গে ৪০-৫০ জন নয়, মাত্র তিনজন ছিলেন বলেও দাবি করেন রাজদীপ। তিনি পুলিশ ও প্রশাসনের ওপর আস্থা প্রকাশ করেছেন। একইভাবে মৃতের স্ত্রী রুমা সাহাও দল এবং প্রশাসনের ওপর ভরসা রাখার কথা জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি