
যোধপুর, ১৯ নভেম্বর (হি.স.): নকল দেশি ঘি তৈরির ১১ বছরের পুরনো মামলায় অভিযুক্ত হেতরামকে স্বস্তি দিল রাজস্থান হাই কোর্ট। নিম্ন আদালতে তাঁর বিরুদ্ধে চলা মামলার সমস্ত কার্যক্রমে আপাতত স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি সুনীল বেনিওয়ালের একক বেঞ্চ।
অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১৯ জুন যোধপুরের মান্ডোর থানার পুলিশ লক্ষ্মীবিহার এলাকার একটি গুদামঘরসদৃশ বাড়িতে অভিযান চালায়। সেখানে নকল ঘি তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযানে ডেয়ারি বেস্ট ও কৃষ্ণা—এই দুই পরিচিত সংস্থার নামে বাজারজাত করার জন্য তৈরি বিপুল পরিমাণ নকল দেশি ঘি ভর্তি টিন, খালি টিন, কার্টন, ঘি তৈরির যন্ত্র, জাল লেবেল এবং একটি বোলেরো পিকআপ ও একটি স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করা হয়।
এই ঘটনায় হেতরামকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধি, কপিরাইট আইন এবং ট্রেড মার্কস আইনের বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়।
যোধপুরের মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৬ ভারতীয় দণ্ডবিধির ৪২০, ২৭২ ও ২৭৩ ধারার অভিযোগ থেকে হেতরামকে অব্যাহতি দিয়েছিল। তবে ৪৭৩ ও ৪৮২ ধারা এবং কপিরাইট ও ট্রেড মার্কস আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সেশনস আদালতে রিভিশন মামলা করেন হেতরাম। সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়।
এরপর আইনজীবী হস্তীমল সারস্বত ও রেখা সাংখলার মাধ্যমে রাজস্থান হাই কোর্টে আবেদন জানান হেতরাম। শুনানিতে আইনজীবী সারস্বত দাবি করেন, যে বাড়িতে নকল ঘি তৈরির কারখানা চলছিল, তার সঙ্গে হেতরামের কোনও সম্পর্ক ছিল না। তাঁর বক্তব্য, দিনেশ নামে এক ব্যক্তি শ্রবণ ভাটির কাছ থেকে গুদামঘরটি ভাড়া নিয়েছিলেন। তদন্ত চলাকালীন দিনেশ আত্মহত্যা করেন।
আবেদনকারীর আইনজীবী আরও যুক্তি দেন, এই ঘটনায় সংশ্লিষ্ট কোনও সংস্থা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেনি। পুলিশ নিজে থেকেই পদক্ষেপ করেছিল। বাজেয়াপ্ত ঘিয়ের টিনগুলির সঙ্গে আসল টিনের তুলনা করে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (এফএসএল) কোনও পরীক্ষাও করানো হয়নি বলে আদালতে দাবি করা হয়।
অন্যদিকে, সরকারি আইনজীবী এই যুক্তির বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, নিম্ন আদালতগুলি যে নির্দেশ দিয়েছে, তাতে হস্তক্ষেপ করার কোনও কারণ নেই। তাই হেতরামের আবেদন খারিজ করা উচিত। দুই পক্ষের বক্তব্য শোনার পর হাই কোর্ট নিম্ন আদালতে চলা কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেয়।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য