ডিমা হাসাওয়ে বন্যা মোকাবিলা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আট প্রকল্পের শিলান্যাস
হারাঙ্গাজাও, মাহুর, মাইবাং ও জিনাম উপত্যকায় নদীভাঙন রোধে বিশেষ গুরুত্ব, তৈরি হবে সেতু ও বিপণন কেন্দ্র
Photo 5


হাফলং (অসম), ১৯ নভেম্বর (হি স): পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আটটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করা হল। হারাঙ্গাজাও, মাহুর, মাইবাং ও জিনাম উপত্যকা এলাকায় এই প্রকল্পগুলি রূপায়িত হবে। ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদের শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বুধবার প্রকল্পগুলির শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের নদীভাঙন ও বর্ষাকালীন বন্যার সমস্যা মোকাবিলার পাশাপাশি বাজার পরিকাঠামোর উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করাই এই প্রকল্পগুলির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, কার্যনির্বাহী সদস্য মনজয় লাংথাসা ও জোসুমথাং হমর, এমএসি জন ফাইথং, হারাঙ্গাজাও উন্নয়ন সমিতির চেয়ারম্যান প্রতাপ হাফলংবার, হাডিংমা উন্নয়ন সমিতির চেয়ারম্যান রনমানন জোহরি-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল কেন্দ্রীয় সরকারের ‘ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান’-এর অধীনে হারাঙ্গাজাওয়ে একটি আদিবাসী বহুমুখী বিপণন কেন্দ্র নির্মাণ। এই কেন্দ্র গড়ে উঠলে স্থানীয় জনজাতীয় জনগোষ্ঠীর উৎপাদিত সামগ্রী বিপণনের সুযোগ বাড়বে। পাশাপাশি তাঁদের আর্থিক কর্মকাণ্ডের প্রসারেও সহায়ক হবে এই উদ্যোগ।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুটি সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একটি সেতু এলভিজে স্কুলের সঙ্গে নিউ হারাঙ্গাজাও রেলস্টেশনের সংযোগ স্থাপন করবে। অন্যটি তৈরি হবে হারাঙ্গাজাও বাজারে প্রবেশের সড়কে। সেতু দু’টি নির্মিত হলে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

তবে আটটি প্রকল্পের মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন প্রতিরোধে। হারাঙ্গাজাওয়ে পূর্ত দফতরের সেতুর কাছে জাতিঙ্গা নদীর বাঁ তীরের ভাঙন রোধ ও পুনরুদ্ধারের কাজ করা হবে। একই সঙ্গে নদীর ডান তীরে নির্মাণ করা হবে প্রতিরোধ দেওয়াল। এর ফলে হারাঙ্গাজাও বাজার এবং সংলগ্ন জনবসতিকে বন্যার প্রকোপ থেকে রক্ষা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া মাহুর শহরে দিয়ুং নদীর দু’পাড়ে প্রতিরোধ দেওয়াল নির্মাণ করা হবে। মাইবাংয়ে মাহুর নদীর বাঁ তীর বরাবরও নেওয়া হয়েছে একই ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা। অন্য দিকে, জিনাম উপত্যকা গ্রামের বাজার এলাকা ও খেলার মাঠকে নদীর ভাঙন এবং বন্যার হাত থেকে রক্ষা করতে জিনাম নদীর ডান তীরে নির্মিত হবে প্রতিরোধ দেওয়াল।

উল্লেখ্য, বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি এবং নদীভাঙনের ফলে ডিমা হাসাওয়ের বিভিন্ন জনবসতি ও বাণিজ্যিক এলাকা বারবার ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে নদী তীরবর্তী এলাকার মানুষের কাছে বন্যা ও ভাঙন দীর্ঘদিনের সমস্যা। এই আটটি প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে জননিরাপত্তা বাড়ার পাশাপাশি বাজার ও যোগাযোগ পরিকাঠামোরও উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, পাহাড়ি ডিমা হাসাওয়ে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা এবং উন্নয়নের পরিকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে এই আটটি প্রকল্পের শিলান্যাস তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande