
নাসিক, ১৯ নভেম্বর (হি.স.): টিসিএসের নাসিক শাখায় যৌন হেনস্থা ও ধর্মান্তরকরণের অভিযোগের মামলায় স্বস্তি পেলেন এআইএমআইএমের প্রাক্তন সাংসদ ইমতিয়াজ জলিল। বৃহস্পতিবার নাসিকের আদালত তাঁকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। এই মামলার অতিরিক্ত চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে তাঁর।
নাসিকের অতিরিক্ত দায়রা বিচারক অমিত খরকরের আদালতে বৃহস্পতিবার হাজির হন ইমতিয়াজ। শুনানি শেষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক।
বিশেষ তদন্তকারী দল (এসআইটি) অতিরিক্ত চার্জশিটে অভিযোগ করেছে, এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত নিদা খানকে আশ্রয় ও সাহায্য করেছিলেন ইমতিয়াজ। তবে জামিন পাওয়ার পর প্রাক্তন সাংসদ দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা।
নিদা খান টিসিএসের প্রাক্তন কর্মী। তিনি ‘আলা হজরত হেল্পিং সোসাইটি’ নামে একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা। মুসলিম সমাজের মধ্যে তিন তালাক, বহুবিবাহ এবং গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে কাজ করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই মামলার সূত্রপাত টিসিএসের এক মহিলা কর্মীর অভিযোগকে কেন্দ্র করে। ওই কর্মী সহকর্মী দানিশ শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বিবাহিত হওয়া সত্ত্বেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দানিশ তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছিলেন।
এরপর আরও কয়েকজন মহিলা তাঁদের ঊর্ধ্বতন আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ আনেন। অভিযোগকারীদের দাবি, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে তাঁরা মানসিক ও যৌন হেনস্থার শিকার হয়েছেন। সেই অভিযোগগুলির তদন্তের সূত্রেই মামলাটি সামনে আসে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য