মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার মামলা, দুই অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজত বাড়ল ৩ ডিসেম্বর পর্যন্ত
নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার মামলায় দুই অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত বাড়াল দিল্লির তিস হাজারি আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা বিচারক নিশান্ত গর্গ এই নির্দেশ দেন। এ
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার মামলা, দুই অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজত বাড়ল ৩ ডিসেম্বর পর্যন্ত


নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার মামলায় দুই অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত বাড়াল দিল্লির তিস হাজারি আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা বিচারক নিশান্ত গর্গ এই নির্দেশ দেন। এ দিন মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এক সাক্ষীর বক্তব্যও নথিভুক্ত করা হয়েছে। শুনানির সময় দুই অভিযুক্ত তাহসিন রাজা ও রাজেশ খিমজিকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর তাহসিন রাজার জামিনের আবেদন প্রত্যাহারের ভিত্তিতে খারিজ করে দিয়েছিল আদালত। তারও আগে ৯ জুন তাঁর জামিনের আবেদন নাকচ করা হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের গুরুত্ব এবং তাঁর পালিয়ে যাওয়ার আশঙ্কা বিবেচনা করে জামিন দেওয়া সম্ভব নয়।

এই মামলায় ২০২৫ সালের ২৬ ডিসেম্বর দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। তাহসিন সৈয়দের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২২১, ১৩২ ও ১০৯(১) ধারায় এবং রাজেশ খিমজির বিরুদ্ধে ১০৯(১), ১১৫(২), ২২১ ও ১৩২ ধারায় অভিযোগ গঠন করা হয়।

দিল্লি পুলিশের চার্জশিটে হামলার পিছনে রাজেশ খিমজির মানসিক অবস্থান ও কর্মকাণ্ডের বিস্তারিত উল্লেখ করা হয়েছে। চার্জশিট অনুযায়ী, একটি স্বপ্ন দেখার পর মুখ্যমন্ত্রীর উপর হামলার সিদ্ধান্ত নেয় রাজেশ। সে স্বপ্নে দেখেছিল, একটি শিবলিঙ্গের পাশে বসে থাকা কুকুর তাকে বলছে, দিল্লিতে কুকুরেরা কষ্টে রয়েছে। পাশাপাশি, ফেসবুকে এমন কিছু ভিডিও দেখেছিল সে, যেখানে দিল্লিতে কুকুরদের দুরবস্থার জন্য মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে দায়ী করে বিক্ষোভ দেখানো হচ্ছিল। চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, মে মাসে অযোধ্যায় বাঁদরদের সমস্যা নিয়ে অনশন করেছিল রাজেশ।

২০২৫ সালের ১৮ অক্টোবর দিল্লি পুলিশ আদালতে প্রায় ৪০০ পাতার চার্জশিট জমা দেয়। সেখানে রাজেশ খিমজি ও তাহসিন সৈয়দের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় খুনের চেষ্টা, সরকারি কর্মচারীর কাজে বাধা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের চার্জশিট অনুযায়ী, পথকুকুর সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার অবস্থানে ক্ষুব্ধ ছিল রাজেশ। ১১ আগস্ট সুপ্রিম কোর্ট পথকুকুরদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। রেখা গুপ্তা সেই সিদ্ধান্তকে জোরালোভাবে সমর্থন করেছিলেন। পুলিশের দাবি, এই বিষয়টি নিয়েই ক্ষুব্ধ হয়ে ২০২৫ সালের ২০ আগস্ট জনশুনানি চলাকালীন মুখ্যমন্ত্রীর উপর হামলা চালায় রাজেশ।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande