হাফলং সিভিল হাসপাতালে নবজাতক সপ্তাহ ও ‘সাঁস’ অভিযান শুরু
নবজাতকের সঠিক পরিচর্যা এবং শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ
Photo


হাফলং (অসম), ১৯ নভেম্বর (হি স) : নবজাতকের সঠিক পরিচর্যা এবং শিশুদের মধ্যে নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে বুধবার হাফলং সিভিল হাসপাতালের প্রসূতি-পরবর্তী বিভাগে (পোস্ট ন্যাটাল ওয়ার্ড) নবজাতক সপ্তাহ এবং ‘সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন টু নিউট্রালাইজ নিউমোনিয়া সাকসেসফুলি’ অভিযান ২০২৬-২৭ উপলক্ষে এক যৌথ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফলং সিভিল হাসপাতালের উপ-অধীক্ষক চিকিৎসক নাইনেম লাংহুম, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক জয়েস চংনেইলহিং ডুংগেল এবং হাসপাতালের প্রসূতি-পরবর্তী ও শিশু বিভাগে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

উল্লেখ্য, প্রতি বছর ১৫ থেকে ২১ নভেম্বর পর্যন্ত নবজাতক সপ্তাহ পালন করা হয়। চলতি বছরের নবজাতক সপ্তাহের মূল ভাবনা—‘ছোট্ট শিশু, বিপুল সম্ভাবনা: ভবিষ্যৎ সুরক্ষায় নিয়মিত পরবর্তী পরিচর্যায় বিনিয়োগ’। এই উপলক্ষে হাসপাতালের রোগী ও তাঁদের পরিজনদের নবজাতকের হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর প্রয়োজনীয় পরিচর্যা সম্পর্কে সচেতন করা হয়।

কর্মসূচিতে নবজাতকের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ, অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ, নবজাতকের বিপজ্জনক উপসর্গ চিহ্নিত করা, ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতি এবং শিশুকে উপযুক্ত পদ্ধতিতে খাওয়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, গোটা সপ্তাহজুড়েই এই সচেতনতামূলক কর্মসূচি চলবে। পাশাপাশি নবজাতকদের হাসপাতাল থেকে ছুটির আগে দেওয়া স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও নির্দেশিকাগুলিও পর্যালোচনা করা হবে। এর মাধ্যমে প্রসব-পরবর্তী পরিচর্যার মান উন্নত করার পাশাপাশি শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

অন্য দিকে, এ দিন চিকিৎসক নাইনেম লাংহুম আনুষ্ঠানিক ভাবে ‘সাঁস’ অভিযান ২০২৬-২৭-এর সূচনা করেন। বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে ১২ নভেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এই অভিযান চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।

শিশুদের মধ্যে নিউমোনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক উপসর্গ দ্রুত চিহ্নিত করা, সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা এবং যথাযথ স্বাস্থ্য পরিষেবা গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। শিশুদের নিউমোনিয়াজনিত অসুস্থতা ও মৃত্যুর হার কমিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সময়মতো চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande