স্বদেশে ফিরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, এফআইআর ও লুক আউট নোটিসকে চ্যালেঞ্জ
কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফেরা বীরভূমের আলোচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এবার দু’টি পৃথক মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। যদিও সুপ্রিম কোর্ট তাঁকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত যেকোনো ধরনের দমনমূলক পদক্ষেপ থেক
कलकत्ता हाई कोर्ट


কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.) :

সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফেরা বীরভূমের আলোচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এবার দু’টি পৃথক মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। যদিও সুপ্রিম কোর্ট তাঁকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত যেকোনো ধরনের দমনমূলক পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে, কিন্তু ওই সময়সীমা শেষ হওয়ার পর সম্ভাব্য গ্রেপ্তারির আশঙ্কা এড়াতে তিনি নিজের বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশি এফআইআর-কেই চ্যালেঞ্জ জানিয়েছেন।

​বৃহস্পতিবার টুলু মণ্ডলের পক্ষে আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা টুলুর বিরুদ্ধে দায়ের হওয়া প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে মামলা দায়েরের অনুমতি চান। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং চলতি সপ্তাহেই এই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

​এর পাশাপাশি, বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চেও আরও একটি মামলা দায়েরের অনুমতি চেয়েছেন টুলু মণ্ডল। ওই পাথর ব্যবসায়ীর আশঙ্কা, তাঁর বিরুদ্ধে কোনো লুক আউট নোটিস জারি হয়ে থাকতে পারে। এই মামলায় তাঁর পক্ষে সওয়াল করে আইনজীবী কিশোর দত্ত আদালতকে জানান যে, টুলু সুপ্রিম কোর্টের নির্দেশে বিদেশ থেকে দেশে ফিরেছেন এবং তিন সপ্তাহের সুরক্ষা পেয়েছেন। তদন্তকারী সংস্থাকে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে নির্দেশ দেওয়ার আর্জি জানান তিনি। বিচারপতি রাও এই মামলা দায়েরেরও অনুমতি দিয়েছেন এবং চলতি সপ্তাহেই এটিরও শুনানি হতে পারে।

​উল্লেখ্য, অবসরপ্রাপ্ত ভূমি আধিকারিক টুলু মণ্ডলের বিরুদ্ধে রাজস্ব তছরুপ এবং ভুয়ো রসিদ বা ডুপ্লিকেট কার্বন রসিদ (ডিসিআর) তৈরির অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। অতীতে তৃণমূলের শাসনকালে পাথর ব্যবসায়ী হিসেবে তিনি বড় সরকারি প্রকল্পের বরাত পেতেন বলে অভিযোগ। এই ঘটনার তদন্ত সেরে পুলিশ সিউড়ি আদালতে চার্জশিটও জমা দিয়েছে, যেখানে তাঁকে মূল অভিযুক্ত করা হয়েছে। পুলিশের দাবি ছিল, ঘটনা সামনে আসার পর থেকেই তিনি ফেরার ছিলেন এবং দুবাইয়ে গা ঢাকা দিয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। এরই মধ্যে সুপ্রিম কোর্ট তাঁকে ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেয় এবং ৭ ডিসেম্বর পর্যন্ত পুলিশকে কোনো কড়া পদক্ষেপ না করার নির্দেশ দেয়।

​কাকতালীয়ভাবে, বৃহস্পতিবারই বীরভূমের সিউড়ির সুভাষপল্লিতে টুলু মণ্ডলের বাড়ির বাইরে একটি নোটিস সাঁটিয়ে দিয়েছে পুলিশ। আগামী শুক্রবার দুপুর ২টোয় তাঁকে ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর এলাকা থেকে পাঁচ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল। সেই মামলার তদন্তের সূত্রেই জিজ্ঞাসাবাদের জন্য ওই পাথর ব্যবসায়ীকে তলব করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ মধুপ




 

 rajesh pande