
হাফলং (অসম), ১৯ নভেম্বর (হি স): ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে বাধা দেওয়ার অভিযোগে ডিমা হাসাওয়ে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হল। কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে রুয়ালথোইলিয়েন রাংখল ওরফে স্টিফেন রাংখলের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জেলাজুড়ে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ওই ঘটনা ঘটে। রাজ্যের সর্বত্র ট্রাফিক বিধি কার্যকর করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কড়া নির্দেশের পরই এই অভিযান শুরু হয়েছে। অভিযানের সময় স্টিফেন কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এবং তাঁদের কাজে বাধা দেন বলে অভিযোগ।
ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৩২, ২২১, ৩৫২, ৩৫৩(২) এবং ১৯৬ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সরকারি কর্মীকে কর্তব্য পালনে বাধা দেওয়া, সরকারি কাজে বিঘ্ন ঘটানো, শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টির মতো অভিযোগ সংশ্লিষ্ট ধারাগুলির আওতায় রয়েছে।
সরকারি সূত্রের বক্তব্য, ট্রাফিক আইন অমান্য করা কিংবা কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ার ঘটনায় কোনও রকম আপসের পথে হাঁটবে না রাজ্য সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের বার্তাও দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব