
দেহরাদূন, ২ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের চারধাম যাত্রার চার্টার হেলিকপ্টার পরিষেবা সোমবার সকাল থেকে আকস্মিকভাবে স্থগিত হয়ে পড়েছে। রাজ্যের রাজধানী দেহরাদূনের সহস্রধারা হেলিপ্যাড থেকে চারধামের উদ্দেশে বিমান সংস্থাগুলির চার্টার হেলিকপ্টার ওড়া বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা বহু তীর্থযাত্রী।
প্রতিদিন এই হেলিপ্যাড থেকেই বিভিন্ন বেসরকারি বিমান সংস্থার চার্টার হেলিকপ্টার বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী—এই চার তীর্থক্ষেত্রের উদ্দেশে রওনা দেয়। তবে সকাল থেকেই সমস্ত উড়ান বন্ধ থাকায় সহস্রধারায় যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষা করতে দেখা যায়।
বিষয়টি নিয়ে উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহন সচিব বিনয় শঙ্কর পাণ্ডে জানান, অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন-এর কাছে হেলিকপ্টার পরিচালনাকারী সংস্থাগুলি একটি যৌথ স্মারকলিপি ও আবেদনপত্র জমা দিয়েছে। সেই কারণেই বর্তমানে দেহরাদূন থেকে চার্টার পরিষেবা স্থগিত রাখা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ডিজিসিএ-র জারি করা নতুন সুরক্ষাবিধি ও নির্দেশিকার আর্থিক ও পরিকাঠামোগত প্রভাবের বিষয়ে আপত্তি জানিয়েই সংস্থাগুলি এই পদক্ষেপ করেছে। পরিষেবা স্বাভাবিক করতে ডিজিসিএ ও বিমান সংস্থাগুলির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ