ভোটার তালিকা থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে সরানো হবে, যত ইচ্ছে চেষ্টা করুন রাহুলজি : অমিত শাহ
হায়দরাবাদ (তেলঙ্গানা), ২ নভেম্বর (হি.স.): ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার প্রশ্নে কেন্দ্রীয় সরকার বিন্দুমাত্র আপস করবে না বলে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার হায়দরাবাদে এক পদযাত্রা শেষে ক
অমিত শাহ


হায়দরাবাদ (তেলঙ্গানা), ২ নভেম্বর (হি.স.): ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার প্রশ্নে কেন্দ্রীয় সরকার বিন্দুমাত্র আপস করবে না বলে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার হায়দরাবাদে এক পদযাত্রা শেষে কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সরাসরি নিশানা করেন তিনি। একই সঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কারণে বিজেপি ভোটে জিতেছে বলে বিরোধীদের দাবিকে তীব্র কটাক্ষে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

রাহুল গান্ধীর উদ্দেশে অমিত শাহ বলেন, রাহুলজি, আপনি যত খুশি চেষ্টা করতে পারেন; তবে আমরা নিশ্চিত করব যে ভোটার তালিকা থেকে প্রতিটি অনুপ্রবেশকারীর নাম যেন বাদ দেওয়া হয়। তিনি বলছেন আমরা নাকি কেবল এসআইআর-এর দৌলতেই জয়লাভ করেছি। আমি রাহুলজিকে প্রশ্ন করতে চাই: ২০১৪ সালে মোদীজি বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছিলেন। তখন কি কোনো এসআইআর ছিল? তাহলে কি মোদীজি এসআইআর-এর জোরে জিতেছিলেন? তিনি জিতেছিলেন দেশের জনগণের সমর্থনে, তাঁদের মহামূল্যবান ভোটে। ২০১৯ সালেও মোদীজি ঐতিহাসিক জয় পান। তখনও কি এসআইআর হয়েছিল? মোদীজি জিতেছিলেন কি জেতেননি? তিনি জিতেছিলেন ভারতের ভোটারদের আস্থায়।

সাম্প্রতিক বিভিন্ন বিধানসভা নির্বাচনের ফলের খতিয়ান তুলে ধরে বিরোধীদের আক্রমণ করে তিনি আরও বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরও আমরা মহারাষ্ট্রে সর্বকালের সর্ববৃহৎ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছি। হরিয়ানায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। সুদীর্ঘ ৩০ বছর পর আমরা দিল্লিতে সরকার গড়েছি। বিহারেও আমরা বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছি। এমনকি পশ্চিমবঙ্গেও দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) রাজনৈতিক জমি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে।

ভোটার তালিকা বিশুদ্ধকরণ ও সাংবিধানিক প্রক্রিয়ার পক্ষে জোরালো সওয়াল করে অমিত শাহ দাবি করেন, দেশের গণতান্ত্রিক কাঠামোকে মজবুত করতে এবং প্রকৃত ভারতীয় নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশনের এই নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। পরাজয়ের ভয়ে বিরোধীরা ক্রমাগত বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande