
কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : পূর্ব রেলের উদ্যোগ ও ভাবনার বাস্তবে রূপ মিলল। দীপাবলি ও ছট উপলক্ষে পাঁচটি এক্সপ্রেস ট্রেনেই বাড়তি কামরা যোগ। জনসংযোগ দফতরের ঘোষণা - দীপাবলি ও ছট উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পাঁচটি জনপ্রিয় এক্সপ্রেস ট্রেনে বাড়তি কামরা সংযোজনের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সাময়িকভাবে স্লিপার ও জেনারেল দ্বিতীয় শ্রেণির কামরা বাড়ানো হচ্ছে।
সুতরাং পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩০১৫/১৩০১৬ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেসে ৪ থেকে ১৪ নভেম্বর হাওড়া থেকে এবং ৫ থেকে ১৫ নভেম্বর জামালপুর থেকে একটি অতিরিক্ত জেনারেল কামরা যুক্ত হবে। ১২৩৪৭/১২৩৪৮ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস এবং ১৩০১৭/১৩০১৮ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেসে ৪ থেকে ১৪ নভেম্বর একটি করে জেনারেল কামরা বাড়ানো হচ্ছে।
এ ছাড়া ১৩০২৯/১৩০৩০ হাওড়া-মোকামা এক্সপ্রেসে একটি স্লিপার এবং ১৩০৩৩/১৩০৩৪ হাওড়া-কাটিহার এক্সপ্রেসে একটি জেনারেল কামরা সংযোজিত হবে। ফলে উৎসবের মরসুমে অতিরিক্ত যাত্রীদের কিছুটা স্বস্তি মিলবে বলে এই ধারণা ও রেলের আশা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত