
কলকাতা, ২ নভেম্বর (হি.স.): রবিবার গভীর রাতে মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। সিগন্যাল অমান্য করে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে গেল একটি বেসামাল গাড়ি। গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক দোকান। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পাঁচ পথচারী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গড়িয়াহাট থানার বালিগঞ্জ গার্ডেন এলাকায়। সোমবার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে গাড়িতে ছিলেন এক তরুণ ও এক তরুণী। অভিযোগ, দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন। সেই অবস্থায় গাড়ি নিয়ে যাওয়ার সময় একটি সিগন্যাল অমান্য করেন তাঁরা। এরপর গাড়িটির গতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটি রাস্তা ছেড়ে উঠে পড়ে ফুটপাথে। সেখানে থাকা একাধিক দোকানে ধাক্কা লাগে। দোকানগুলির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
সেই সময় ফুটপাথে উপস্থিত ছিলেন পাঁচজন পথচারী। বেপরোয়া গাড়ির ধাক্কা থেকে কোনওরকমে নিজেদের প্রাণ বাঁচান তাঁরা। বড়সড় প্রাণহানির ঘটনা না ঘটলেও দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং গাড়িতে থাকা দু’জনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়