এখনও অশান্ত বাংলাদেশ: তৃতীয় দিনে পড়ল পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা, ২ নভেম্বর (হি.স.): ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বকেয়া পাওনা মেটানোর দাবিতে এখনও উত্তাল বাংলাদেশ। সোমবার টানা তৃতীয় দিনে পড়ল তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি। রাজধানী ঢাকা সংলগ্ন প্রধান শিল্পাঞ্চল গাজীপুরের কোনাবাড়ী ও চন্দ্রা এল
এখনও অশান্ত বাংলাদেশ: তৃতীয় দিনে পড়ল পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ


ঢাকা, ২ নভেম্বর (হি.স.): ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বকেয়া পাওনা মেটানোর দাবিতে এখনও উত্তাল বাংলাদেশ। সোমবার টানা তৃতীয় দিনে পড়ল তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি। রাজধানী ঢাকা সংলগ্ন প্রধান শিল্পাঞ্চল গাজীপুরের কোনাবাড়ী ও চন্দ্রা এলাকায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন কয়েক হাজার ক্ষুব্ধ শ্রমিক। একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ার পাশাপাশি নিরাপত্তার স্বার্থে আশপাশের বহু কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে মজুরি পুনর্নির্ধারণের দাবিতে গত তিন দিন ধরে কাজ বন্ধ রেখে পথে নেমেছেন পোশাককর্মীরা। এদিন সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী ও চন্দ্রা শিল্প বেল্টের বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ব্যারিকেড তৈরি করে যান চলাচল আটকে দেন। যার জেরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ সংলগ্ন রাস্তাগুলিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলগুলিতে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে প্রশাসন। তবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। টানা অচলাবস্থার কারণে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande