
উজ্জয়িনী, ২১ নভেম্বর (হি.স.): মহাকবি কালিদাসের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে শনিবার থেকে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শুরু হচ্ছে সাত দিনের ৬৮তম সর্বভারতীয় কালিদাস সমারোহ। সন্ধ্যা ৬টায় কালিদাস সংস্কৃত অ্যাকাডেমির পণ্ডিত সূর্যনারায়ণ ব্যাস সংকলন হলে অনুষ্ঠানের উদ্বোধন করবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং মুখ্যমন্ত্রী মোহন যাদব। এ বছর রঙ্গমঞ্চে বিশেষ অবদানের জন্য জাতীয় কালিদাস সম্মানে ভূষিত হবেন বিশিষ্ট নাট্যকর্মী বাণী ত্রিপাঠী টিক্কু।
২৭ নভেম্বর পর্যন্ত কালিদাস সংস্কৃত অ্যাকাডেমি চত্বরে চলবে এই আয়োজন। দেশের বিভিন্ন প্রান্তের সাহিত্যিক, সংস্কৃত ভাষার পণ্ডিত, নাট্যকর্মী ও শিল্পীরা এতে অংশ নেবেন। মহাকবি কালিদাসের সাহিত্য, সংস্কৃত ভাষা এবং ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র করে সাত দিন ধরে নানা অনুষ্ঠান হবে। থাকছে জাতীয় গবেষণা আলোচনা, স্মৃতিবক্তৃতা, সংস্কৃত নাটক, কবিতাপাঠ, বিতর্ক এবং শাস্ত্রীয় সংগীতের আসর।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ২২ নভেম্বর পণ্ডিত সূর্যনারায়ণ ব্যাস স্মৃতি বক্তৃতা, ২৩ নভেম্বর মহাকবি কালিদাস স্মৃতি বক্তৃতা এবং ২৪ নভেম্বর পদ্মশ্রী ওয়াকণকর স্মৃতি বক্তৃতার আয়োজন করা হয়েছে। ২৫ নভেম্বর হবে সংস্কৃত কবি সম্মেলন ও হিন্দি নাটকের মঞ্চায়ন। ২৬ নভেম্বর সন্ত সমাগম-সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। শেষ দিন, ২৭ নভেম্বর সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমারোহের পরিসমাপ্তি ঘটবে।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ সর্বভারতীয় নৃত্যনাট্য প্রতিযোগিতা। ২৬ নভেম্বর এই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্যের নৃত্যদল অংশ নেবে। সেরা দলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে পাঁচ লক্ষ, তিন লক্ষ ও এক লক্ষ টাকা দেওয়া হবে।
সংস্কৃতি বিভাগের পরিচালক এনপি নামদেব জানিয়েছেন, সংস্কৃতি বিভাগের উদ্যোগে কালিদাস সংস্কৃত অ্যাকাডেমি ও সম্রাট বিক্রমাদিত্য বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে এই সমারোহ অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণী ত্রিপাঠী টিক্কুকে জাতীয় কালিদাস সম্মান দেওয়া হবে।
রঙ্গমঞ্চে উৎকর্ষ ও দীর্ঘ শিল্পসাধনাকে স্বীকৃতি দিতে ১৯৮২ সাল থেকে এই সম্মান প্রদান করা হচ্ছে। এখনও পর্যন্ত ৩৭ জন বিশিষ্ট ব্যক্তিত্ব এই সম্মানে ভূষিত হয়েছেন। সম্মানপ্রাপকের হাতে তুলে দেওয়া হয় পাঁচ লক্ষ টাকা, প্রশস্তিপত্র, শাল ও শ্রীফল।
ভারতীয় রঙ্গমঞ্চের পরিচিত মুখ বাণী ত্রিপাঠী টিক্কু অভিনয়, নাট্যপ্রশিক্ষণ, নাট্যশিক্ষা, সিনেমা ও সাহিত্যের জগতে কাজের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। লিভিং থিয়েটার অ্যাকাডেমি অফ ড্রামা থেকে নাট্যচর্চার প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি প্রখ্যাত নাট্যনির্দেশক ইব্রাহিম আলকাজির কাছেও অভিনয়ের পাঠ নিয়েছেন তিনি। ব্যারি জন, মায়া রাও, বি.ভি. কারন্থ ও ত্রিপুরারি শর্মার মতো বিশিষ্ট নাট্যব্যক্তিত্বদের প্রভাবও তাঁর রঙ্গমঞ্চের প্রতি আগ্রহ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আন্তন চেখভ, পিটার শ্যাফার, আর্থার মিলার ও টেনেসি উইলিয়ামসের মতো বিশ্বখ্যাত নাট্যকারদের রচনাভিত্তিক মঞ্চায়নে তাঁর অভিনয় শিল্পীসত্তার বৈচিত্র্য তুলে ধরেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য