যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক, ‘গুগল পিএইচডি ফেলোশিপ ২০২৬’ পেলেন গবেষক অভিরূপ চট্টোপাধ্যায়
কলকাতা, ২১ নভেম্বর (হি.স.) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গৌরবে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র অভিরূপ চট্টোপাধ্যায় সম্মানজনক ‘গুগল পিএইচডি ফেলোশিপ ২০২৬’-এর জন্য নির্বাচিত হয়েছেন। দাবি করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্র
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক, ‘গুগল পিএইচডি ফেলোশিপ ২০২৬’ পেলেন গবেষক অভিরূপ চট্টোপাধ্যায়


কলকাতা, ২১ নভেম্বর (হি.স.) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গৌরবে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র অভিরূপ চট্টোপাধ্যায় সম্মানজনক ‘গুগল পিএইচডি ফেলোশিপ ২০২৬’-এর জন্য নির্বাচিত হয়েছেন। দাবি করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো পড়ুয়া এই কৃতিত্ব অর্জন করলেন।

এ বছর বিশ্বজুড়ে বিভিন্ন বিভাগে মোট ১৪৮ জন গবেষককে এই ফেলোশিপ প্রদান করছে গুগল। এর মধ্যে ‘মেশিন লার্নিং অ্যান্ড এমএল ফাউন্ডেশন’ বিভাগে বিশ্বস্তরে মোট ৪৩ জনকে বেছে নেওয়া হয়েছে, যাঁদের তালিকায় রয়েছেন অভিরূপও। অভিরূপের এই সাফল্যে গর্ব প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা প্রতি-উপাচার্য অধ্যাপক অমিতাভ দত্ত জানান, মেশিন লার্নিং ক্ষেত্রে দেশ থেকে মোট তিনজন গবেষক নির্বাচিত হয়েছেন। সেই তালিকায় অভিরূপের নাম থাকায় সমগ্র বিশ্ববিদ্যালয় গর্বিত। তাঁর কথায়, এই স্বীকৃতি অভিরূপের সামনের পথকে অনেকটাই সুগম করবে এবং গুগলের পক্ষ থেকে সম্পূর্ণ আর্থিক সহায়তা পাওয়ায় গবেষণার তহবিল নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না।

শান্তিনিকেতনে শৈশব কাটানো এবং সেখান থেকেই স্কুলের পড়াশোনা শেষ করা অভিরূপ পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। স্নাতকোত্তর (মাস্টার্স) পড়াশোনার পর তিনি এখানেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে গবেষণা শুরু করেন এবং বর্তমানে মেশিন লার্নিংয়ের ওপর কাজ করছেন। তাঁর গবেষণা-নির্দেশক তথা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক সুস্মিতা ঘোষ জানান, অভিরূপ মূলত ফাউন্ডেশন মডেল তৈরির কাজ করছেন। ডিপ লার্নিং আর্কিটেকচারের আওতায় রিপ্রেজেন্টেশন লার্নিং, ডোমেন অ্যাডাপ্টেশন এবং ভিশন-ল্যাঙ্গুয়েজ ভিত্তিক মাল্টিমোডাল লার্নিং তাঁর গবেষণার মূল বিষয়। পড়ুয়ার এই সাফল্যে উচ্ছ্বসিত অধ্যাপক ঘোষ বলেন, যাদবপুরের ইতিহাসে কোনো ছাত্রের গুগল রিসার্চ ফেলোশিপ পাওয়ার ঘটনা এটিই প্রথম।

নিজের গবেষণা প্রসঙ্গে অভিরূপ জানান, রিপ্রেজেন্টেশন লার্নিংয়ে বেশ কিছু কারিগরি প্রতিবন্ধকতা রয়েছে, যার কারণে চিকিৎসা ক্ষেত্র বা জিওস্পেশিয়াল রিজনিংয়ের মতো সুরক্ষার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল বাস্তব প্রয়োগে এটি সরাসরি ব্যবহার করা যায় না। তাঁর কথায়, আমাদের লক্ষ্য যন্ত্রকে কেবল বুদ্ধিমান করে তোলাই নয়, বরং আরও বেশি হালকা বা লাইটওয়েট করে তোলা। মানুষের মস্তিষ্ক যেভাবে পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, ঠিক সেভাবেই একটি যন্ত্র কত দ্রুত নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, তা নিশ্চিত করাই আমাদের কাজ। গুগলের এই মর্যাদাপূর্ণ ফেলোশিপ লাভের পর নতুন উদ্যমে নিজের গবেষণা এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত অভিরূপ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande