খড়গপুর আইআইটি বাংলা ভাষায় শুরু করবে কৃত্রিম মেধা বিষয়ে বিএসসি পাঠ্যক্রম
খড়গপুর, ২১ নভেম্বর (হি.স.) : ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান (আইআইটি) খড়গপুর চলতি শিক্ষাবর্ষ থেকেই বাংলা ভাষায় কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ে বিজ্ঞান স্নাতক (বিএসসি) পাঠ্যক্রম চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই সংক্রান্ত প্রস্তাব খুব
খড়গপুর আইআইটি বাংলা ভাষায় শুরু করবে কৃত্রিম মেধা বিষয়ে বিএসসি পাঠ্যক্রম


খড়গপুর, ২১ নভেম্বর (হি.স.) : ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান (আইআইটি) খড়গপুর চলতি শিক্ষাবর্ষ থেকেই বাংলা ভাষায় কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ে বিজ্ঞান স্নাতক (বিএসসি) পাঠ্যক্রম চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই সংক্রান্ত প্রস্তাব খুব শীঘ্রই প্রতিষ্ঠানের সেনেটে পেশ করা হবে। সেনেটের অনুমোদন মিললেই চলতি শিক্ষাবর্ষ থেকেই এই পাঠ্যক্রম শুরু করা হতে পারে। শনিবার নিউটাউনে অবস্থিত আইআইটি খড়গপুরের রিসার্চ পার্কে প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী।

অধ্যাপক চক্রবর্তী জানান, নতুন জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখেই বাংলা ভাষায় কৃত্রিম মেধার পাঠ্যক্রম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি একটি অনলাইন পাঠ্যক্রম হবে এবং এর সম্পূর্ণ পঠনপাঠন বাংলা ভাষাতেই করানো হবে। তিনি বলেন, সেনেটে প্রস্তাবটি পাশ হওয়ার পর চলতি শিক্ষাবর্ষ থেকেই তা শুরু করার চেষ্টা চালানো হবে।

শনিবারের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও উপস্থিত ছিলেন। এদিন প্রতিষ্ঠানের অধিকর্তা জানান, অনুষ্ঠানে চারটি প্রধান বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই আলোচনাগুলির সারসংক্ষেপ লিখিত আকারে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে পাঠানো হবে।

তিনি আরও বলেন, প্রথাগত শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন এক শিক্ষণ পদ্ধতি গড়ে তোলা প্রয়োজন, যা পড়ুয়াদের কাছে আরও বেশি উপযোগী, আনন্দদায়ক এবং আকর্ষণীয় হয়ে ওঠে। এর পাশাপাশি পড়ুয়াদের প্রযুক্তির অপব্যবহার এড়িয়ে সমাজের কল্যাণে তা ব্যবহার করার বিষয়েও শিক্ষিত করে তোলা উচিত। প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সুনাগরিক হয়ে ওঠার মানসিকতা গড়ে তোলাও শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বলে জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande