


মদনপুর–লাতু পাল্লাতলের জিরো পয়েন্টে অবস্থানের দাবি, সামাজিক মাধ্যমে ভায়রাল ভিডিও
।। স্নিগ্ধা দাস ।।
শ্রীভূমি (অসম), ২১ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তৰ্গত ভারত-বাংলাদেশ সীমান্তবৰ্তী মদনপুর ও বাংলাদেশের বড়লেখার লাতু পাল্লাতল এলাকায় প্রায় ২০ জন নাগরিককে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত দুদিন ধরে সীমান্তের জিরো পয়েন্টে তাঁদের অবস্থানের দাবি উঠেছে। বাংলাদেশি সংবাদমাধ্যমে সম্প্রচারিত একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
ভাইরাল ভিডিওয় পুরুষ ও মহিলা সহ এক দলকে সীমান্তে অবস্থান করতে দেখা যাচ্ছে। তাঁদের কাছাকাছি বিএসএফ ও বিজিবির সদস্যদেরও উপস্থিতি রয়েছে। ভিডিওয় বিজিবি সদস্যদের ওই দলকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে বাধা দিতে দেখা যায়। অপরদিকে, দলের কয়েকজনের অভিযোগ, তাঁদের আঙুলের ছাপ নেওয়ার পর রাতের অন্ধকারে বিএসএফ গেট খুলে বাংলাদেশের দিকে পাঠিয়ে দিয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওয় আরও দেখা যায়, বিএসএফ জওয়ানদের সঙ্গে ওইসব নাগরিকের কথোপকথন চলছে। দুদিন দু-রাত ধরে সীমান্তের জঙ্গল এলাকায় আটকে থাকার দাবি জানিয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাহায্যের আবেদন করছেন বলেও ভিডিওয় শোনা যাচ্ছে।
এদিকে, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা অবৈধ অনুপ্রবেশ রোধে রাজ্য সরকারের কঠোর অবস্থানের কথা বারবার স্পষ্ট করেছেন। সীমান্ত সুরক্ষা ও রাজ্যের ভাষা-সংস্কৃতি রক্ষায় কোনও আপস করা হবে না বলে জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে মদনপুর-লাতু সীমান্তের ঘটনাটি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
তবে ওই ২০ জনের পরিচয়, নাগরিকত্ব এবং কী পরিস্থিতিতে তাঁরা সীমান্তের জিরো পয়েন্টে পৌঁছেছেন, তা এখনও স্পষ্ট নয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলির সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিএসএফ বা স্থানীয় প্রশাসনের কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে সীমান্তের এই ঘটনাকে ঘিরে ধোঁয়াশা অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস