
ওয়ারশ, ২১ নভেম্বর (হি.স.): পোল্যান্ডের আকাশসীমায় তিনটি সন্দেহজনক বস্তুর প্রবেশের ঘটনায় সতর্ক ন্যাটো। দেশটির নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, পোল্যান্ডের প্রতিটি অংশের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সামরিক জোট। শনিবার পোল্যান্ডের তরফে জানানো হয়, তাদের আকাশসীমায় প্রবেশ করা তিনটি বস্তুর মধ্যে দু’টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পোলিশ প্রেস এজেন্সি (পিএপি)-র প্রতিবেদন অনুযায়ী, শনিবার ওয়ারশে রুটে বলেন, পোল্যান্ডের গোটা ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করবে ন্যাটো। সম্ভাব্য হুমকির পরিস্থিতি খতিয়ে দেখবেন ইউরোপে ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ। একই সঙ্গে জোটের প্রতিরক্ষা ও প্রতিরোধমূলক সক্ষমতা পর্যালোচনা করা হবে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তনও আনা হতে পারে।
এই ঘটনার প্রেক্ষিতে আগামী সোমবার ব্রাসেলসে বৈঠকে বসছে ন্যাটোর উত্তর আটলান্টিক পরিষদ। পিএপি-র খবর অনুযায়ী, বৈঠকে পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশের ঘটনা এবং সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য