
রামগড়, ২১ নভেম্বর (হি.স.): জেলায় অপরাধ নিয়ন্ত্রণে এবার অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে হাঁটছে রামগড় পুলিশ। অপরাধের ধরন, অতীত রেকর্ড ও বর্তমান সক্রিয়তা খতিয়ে দেখে ১২২ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের গতিবিধি নিয়ন্ত্রণ এবং অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে বিশেষ কর্মপরিকল্পনা তৈরি করেছে পুলিশ।
শনিবার পুলিশ সুপার মুকেশ কুমার লুনায়েত অপরাধ প্রতিরোধ ও অপরাধের কিনারা করার শাখার নোডাল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে অপরাধীদের কার্যকলাপ, অপরাধের অতীত এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়।
বৈঠকে ১২টি অপরাধের শ্রেণিতে চার্জশিট জমা পড়েছে, এমন অপরাধীদের বিষয়েও আলোচনা করা হয়। অপরাধের প্রকৃতি ও সক্রিয়তার ভিত্তিতে চিহ্নিত ১২২ জনের বিরুদ্ধে নিয়ম মেনে সিসিএ-র প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। এর মধ্যে প্রতিরোধমূলক আটক, জেলাছাড়া বা বহিষ্কার এবং থানায় নিয়মিত হাজিরার মতো পদক্ষেপের কথা রয়েছে।
এ ছাড়া চিহ্নিত অপরাধীদের উপর নিয়মিত নজরদারির জন্য পৃথক প্রস্তাব তৈরি, গুন্ডা রেজিস্টারে তাঁদের নাম নথিভুক্ত করা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৯ নম্বর ধারায় ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে।
পুলিশ সুপার সংশ্লিষ্ট নোডাল আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, সমস্ত প্রস্তাব আইন ও নিয়ম মেনে তৈরি করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। জেলায় সক্রিয় অভ্যাসগত অপরাধীদের নিয়ন্ত্রণে এনে অপরাধের ঘটনা কমানোই এই উদ্যোগের লক্ষ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য