
খুঁটি, ২১ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের খুঁটি জেলার রানিয়া থানা এলাকায় শনিবার সন্ধ্যায় দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চার যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। বিশ্রামপুর ও তুরিগড়া গ্রামের মাঝের রাস্তায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার লোহাগড়া বাজারে ডায়ার জাত্রা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। সন্ধ্যা প্রায় ৬টা থেকে সোয়া ৬টার মধ্যে বিশ্রামপুর ও তুরিগড়ার মাঝামাঝি এলাকায় দ্রুতগতিতে আসা দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বাইকে তিনজন এবং অন্যটিতে দু’জন যুবক ছিলেন। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে দু’টি বাইকই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়।
মৃতদের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন উড়িকেল গ্রামের প্রেমাংশু কোঙ্গাড়ি ও জিদন কোঙ্গাড়ি এবং বনাবীরা নবাটোলির হেমন্ত বাহাদুর ও বিশ্বা সিং ওরফে ছোটু সিং।
দুর্ঘটনার খবর পেয়ে বিধায়কের প্রতিনিধি সুরেশ কোঙ্গাড়ি দ্রুত রানিয়া থানায় খবর দেন। দলীয় কর্মীদের নিয়ে ঘটনাস্থলেও পৌঁছন তিনি। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাঁদের তোরপা রেফারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যুবকের মৃত্যু হয়।
একসঙ্গে চার যুবকের মৃত্যুতে উড়িকেল, বনাবীরা নবাটোলি-সহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পৌঁছন মৃতদের পরিজনেরা। তাঁদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। রানিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্যামল কুম্ভকার চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য