পশ্চিম উত্তর প্রদেশে হাইকোর্ট বেঞ্চের দাবিতে মুরাদাবাদে ন্যায়যাত্রা
মুরাদাবাদ, ২১ নভেম্বর (হি.স.): পশ্চিম উত্তর প্রদেশে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবিতে ২২টি জেলার জেলা সদর ও মহকুমা এলাকায় বের হওয়া ন্যায়যাত্রা শনিবার সন্ধ্যায় পৌঁছল মুরাদাবাদে। ‘পশ্চিম উত্তর প্রদেশ হাইকোর্ট বেঞ্চ কেন্দ্রীয় সংগ্রাম সমিতি, মেরঠ’-এর নে
পশ্চিম উত্তর প্রদেশে হাইকোর্ট বেঞ্চের দাবিতে মুরাদাবাদে ন্যায়যাত্রা


মুরাদাবাদ, ২১ নভেম্বর (হি.স.): পশ্চিম উত্তর প্রদেশে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবিতে ২২টি জেলার জেলা সদর ও মহকুমা এলাকায় বের হওয়া ন্যায়যাত্রা শনিবার সন্ধ্যায় পৌঁছল মুরাদাবাদে। ‘পশ্চিম উত্তর প্রদেশ হাইকোর্ট বেঞ্চ কেন্দ্রীয় সংগ্রাম সমিতি, মেরঠ’-এর নেতৃত্বে এই যাত্রার আয়োজন করা হয়েছে। মুরাদাবাদে যাত্রাকে ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসাহ দেখা যায়। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, হাইকোর্ট বেঞ্চ না হলে ভোটও নয়।

দি বার অ্যাসোসিয়েশন অ্যান্ড লাইব্রেরি, মুরাদাবাদের উদ্যোগে আয়োজিত এই যাত্রার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় সংগ্রাম সমিতির সভাপতি অনুজ কুমার গুপ্ত এবং আহ্বায়ক পারভেজ আলম। কমিশনারের দফতর থেকে শুরু হওয়া ন্যায়রথ জেল রোড, তাড়িখানা চৌমাথা, বিকাশ মঞ্জিল, টাউন হল, কোতোয়ালি, গঞ্জ গুরহট্টি চৌমাথা ও বালাজি মন্দির হয়ে জেলাশাসকের দফতরে পৌঁছয়।

সেখানে কেন্দ্রীয় সংগ্রাম সমিতির সভাপতি অনুজ কুমার শর্মা, আহ্বায়ক পারভেজ আলম এবং মুরাদাবাদ বার অ্যাসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন গুপ্ত ও সাধারণ সম্পাদক কপিল গুপ্ত অতিরিক্ত জেলাশাসক (শহর) অঙ্কুর শ্রীবাস্তবের হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি তুলে দেন। পশ্চিম উত্তর প্রদেশে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবিই ছিল স্মারকলিপির মূল বিষয়।

সমাবেশে অনুজ কুমার শর্মা বলেন, পশ্চিম উত্তর প্রদেশের ২২টি জেলার জেলা সদর ও মহকুমার বার অ্যাসোসিয়েশনগুলি সিদ্ধান্ত নিয়েছে, বেঞ্চ না হলে ভোটও নয়। সরকার এই অঞ্চলে হাইকোর্টের বেঞ্চ প্রতিষ্ঠা না করলে তারা সরকারকে ভোট দেবে না।

মুরাদাবাদ বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী আনন্দ মোহন গুপ্ত বলেন, পশ্চিম উত্তর প্রদেশে হাইকোর্ট বেঞ্চের দাবি নতুন নয়। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই দাবি জানানো হচ্ছে। কিন্তু একের পর এক সরকার পশ্চিম উত্তর প্রদেশের মানুষের এই দাবির প্রতি উদাসীন থেকেছে।

সংগ্রাম সমিতির আহ্বায়ক পারভেজ আলম ২০১১ সালের ২১ নভেম্বরের প্রসঙ্গ তুলে বলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মায়াবতী উত্তর প্রদেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিলেন। সেই প্রস্তাব গৃহীত হলে প্রতিটি প্রদেশের নিজস্ব হাইকোর্ট থাকত বলে তাঁর বক্তব্য।

সভা পরিচালনা করেন মুরাদাবাদ বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আইনজীবী কপিল গুপ্ত। অনুষ্ঠানে অঞ্জার হুসেন, সঞ্জীব রাঘব, গোপালকৃষ্ণ দ্বিবেদী, সচিন শর্মা, পুনীত চৌহান, আবরণ আগরওয়াল, রমা পাণ্ডে, সুরেশ সিং, অনিল গুপ্ত, পঙ্কজ শর্মা, সুনীল কুমার সাক্সেনা-সহ বহু আইনজীবী উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande