

হাফলং (অসম), ২১ নভেম্বর (হি স): পাহাড়ি সন্ধ্যার কনকনে ঠান্ডা, তার সঙ্গে সুরের মূর্ছনা আর বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর বর্ণময় সাংস্কৃতিক পরিবেশনা—সব মিলিয়ে উৎসবের আবহে মেতে উঠল জাটিঙ্গা। শনিবার সন্ধ্যায় ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসার হাত ধরে আনুষ্ঠানিক সূচনা হল দু’দিনের জাটিঙ্গা উৎসব ২০২৬-এর। জাটিঙ্গার কাছে ২৭ নম্বর জাতীয় সড়কের পাশে নতুন নির্ধারিত স্থানে এ বার আয়োজন করা হয়েছে এই উৎসবের। উদ্বোধনী সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুনাল গাঞ্জাওয়ালার সঙ্গীত পরিবেশনা উৎসবের প্রথম দিনটিকে বিশেষ আকর্ষণীয় করে তোলে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে প্রথম থেকেই ছিল উৎসাহ ও উদ্দীপনা। ডিমাসা, জেমি নাগা, মার, কুকি-সহ ডিমা হাসাওয়ের বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর লোকসংস্কৃতি, ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে। বিভিন্ন জনগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় পাহাড়ি জনজীবনের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক ফুটে ওঠে। স্থানীয় সংস্কৃতির এই সম্মিলিত উপস্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে।
তবে প্রথম সন্ধ্যার অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন মুম্বইয়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুনাল গাঞ্জাওয়ালা। তাঁর পরিচিত গান ও সুরের টানে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই উৎসব প্রাঙ্গণে ভিড় জমান দর্শক-শ্রোতারা। তাঁর গানের তালে তালে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা উৎসব প্রাঙ্গণ। পাহাড়ি পরিবেশে জনপ্রিয় এই শিল্পীর সরাসরি সঙ্গীত পরিবেশনা উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকে আসা পর্যটকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এ দিনের অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও বিনোদনের একাধিক আকর্ষণ ছিল। ‘মিস উইংস অফ জাটিঙ্গা’ সুন্দরী প্রতিযোগিতা উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। পাশাপাশি স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, উত্তর-পূর্বাঞ্চলের গুয়াহাটি ও নাগাল্যান্ডের শিল্পীদের অংশগ্রহণ এবং ডিমা হাসাওয়ের নিজস্ব বয়েজ ব্যান্ডের পরিবেশনা দর্শকদের মন কাড়ে। অনুষ্ঠানের শেষ পর্বে হায়দরাবাদের এনএইচই-এক্স ডিজে পরিবেশনা উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করে। সব মিলিয়ে প্রথম দিনের সন্ধ্যা হয়ে ওঠে সঙ্গীত, সংস্কৃতি ও বিনোদনের এক বর্ণময় সমাহার।
উল্লেখ্য, জাটিঙ্গা উৎসবের মূল উদ্দেশ্য কেবল পর্যটকদের আকৃষ্ট করা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। জাটিঙ্গা আন্তর্জাতিক স্তরে পরিচিত পরিযায়ী পাখিদের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল ও পাখিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র। বিশেষ করে পরিযায়ী পাখিদের আগমনকে ঘিরে এই অঞ্চলের স্বতন্ত্র পরিচিতি রয়েছে। পাখিদের সংরক্ষণ, নিরাপত্তা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়।
প্রকৃতি, জীববৈচিত্র্য ও স্থানীয় জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যকে একই মঞ্চে তুলে ধরার লক্ষ্যেই জাটিঙ্গা উৎসবের এই আয়োজন। উৎসবের প্রথম দিনের বিপুল উৎসাহ ও পর্যটকদের উপস্থিতি ডিমা হাসাওয়ের পর্যটন সম্ভাবনাকে আরও প্রসারিত করার ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব