
পাটনা, ২১ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিতীশ সেতু উদ্বোধনকে কেন্দ্র করে বিহারের রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিলেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, প্রায় দেড় বছর আগে নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এই সেতুর উদ্বোধন করেছিলেন। এখন প্রধানমন্ত্রী একই সেতুর দ্বিতীয়বার উদ্বোধন করছেন। বিজেপি বা কেন্দ্রীয় সরকারের এই সেতু নির্মাণে কোনও আর্থিক অবদান নেই বলেও দাবি করেছেন তিনি।
তেজস্বীর প্রশ্ন, সেতু নির্মাণে বিজেপি, এনডিএ সরকার কিংবা কেন্দ্রীয় সরকার এক পয়সাও দিয়েছে কি না, তা স্পষ্ট করে জানানো হোক। তাঁর বক্তব্য, সেতু তৈরির সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে নির্মাণ—কোনও ক্ষেত্রেই বিজেপি, এনডিএ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা ছিল না।
সেতুর নামকরণ নিয়েও প্রশ্ন তুলেছেন বিহারের বিরোধী দলনেতা। তাঁর দাবি, পাটনার কচ্চি দরগাহের কাছে গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থান হওয়ায় তিনি বিধানসভায় ব্যক্তিগত সদস্যের প্রস্তাব এনে সেতুটির নাম গুরু গোবিন্দ সিংয়ের নামে রাখার দাবি জানিয়েছিলেন। কিন্তু বিধানসভায় সরকার যে উত্তর দিয়েছিল, বর্তমানে পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত। তেজস্বীর অভিযোগ, হয় সরকার বিধানসভাকে বিভ্রান্ত করেছে, নয়তো অধিবেশনে দেওয়া সরকারি উত্তর সত্য ছিল না।
নিতীশ কুমারের নামে সেতুর নামকরণ নিয়েও কটাক্ষ করেছেন তেজস্বী। তাঁর বক্তব্য, অতীতে নিতীশ কুমারকে নিয়ে বিজেপির তরফে অসম্মানজনক মন্তব্য করা হয়েছিল, এমনকী তাঁর ডিএনএ নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। সেই বিজেপিই এখন তাঁর নামে সেতুর নামকরণ করছে। তেজস্বীর মতে, কচ্চি দরগাহ প্রকল্পের নাম ছেওত রাই অথবা গুরু গোবিন্দ সিংয়ের নামে রাখা যেতে পারত।
নিতীশ কুমারের শারীরিক অবস্থা নিয়েও মন্তব্য করেন তেজস্বী। তিনি বলেন, নিতীশজি এখনও জীবিত, যদিও বর্তমানে অচেতন অবস্থায় রয়েছেন। সাধারণত প্রয়াত ব্যক্তিদের স্মরণে তাঁদের নামে কোনও প্রকল্পের নামকরণ করা হয়। অথচ তিনি জীবিত থাকতেই তাঁর নামে সেতুর নাম দেওয়া হয়েছে। সত্যিই যদি প্রধানমন্ত্রী নিতীশ কুমারকে সম্মান জানাতে চাইতেন, তবে তাঁর নামে কোনও কেন্দ্রীয় সরকারি প্রকল্প কিংবা তাঁর নিজের গ্রামের কাছে তাজপুর-বখতিয়ারপুর চার লেনের প্রকল্পের নামকরণ করতে পারতেন। তেজস্বীর অভিযোগ, এই নামকরণ আসলে নীতীশ কুমারের রাজনৈতিক উত্তরাধিকারকে জীবিত অবস্থাতেই মুছে ফেলার চেষ্টা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য