হনুমানজিকে নিয়ে ছবি তৈরির প্রস্তাব পেলে অন্য সব কাজ ছেড়ে দেবেন পরিচালক বিশাল চতুর্বেদী
পানাজি, ২৮ নভেম্বর (হি.স.): হনুমানজির প্রতি তাঁর গভীর ভক্তি ও আস্থার কথা জানিয়ে পরিচালক ডঃ বিশাল চতুর্বেদী বললেন, হনুমানজিকে নিয়ে কোনও ছবি তৈরির প্রস্তাব পেলে তিনি অন্য সব কাজ ছেড়ে সেই দায়িত্ব গ্রহণ করবেন। মহান সন্ত বাবা নিম করৌলি মহারাজের জীবন ও
হনুমানজিকে নিয়ে ছবি তৈরির প্রস্তাব পেলে অন্য সব কাজ ছেড়ে দেবেন পরিচালক বিশাল চতুর্বেদী


পানাজি, ২৮ নভেম্বর (হি.স.): হনুমানজির প্রতি তাঁর গভীর ভক্তি ও আস্থার কথা জানিয়ে পরিচালক ডঃ বিশাল চতুর্বেদী বললেন, হনুমানজিকে নিয়ে কোনও ছবি তৈরির প্রস্তাব পেলে তিনি অন্য সব কাজ ছেড়ে সেই দায়িত্ব গ্রহণ করবেন। মহান সন্ত বাবা নিম করৌলি মহারাজের জীবন ও আধ্যাত্মিক সাধনার উপর নির্মিত ছবি ‘হনুমান অংশ’-এর পরিচালক বিশাল চতুর্বেদী ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শনের পর হিন্দুস্থান সমাচারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

ছবির কাহিনি নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দর্শকের বিশ্বাস ও প্রত্যাশার মর্যাদা রেখে ছবির গল্প সাজানো তাঁর কাছে বড় চ্যালেঞ্জ ছিল। একজন সন্তের জীবনে সরলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ছবিটি দেখার পর দর্শকের মনে যেন ভক্তির ভাব জাগে, সেটাই ছিল তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।

ছবির সঙ্গীত নির্বাচন প্রসঙ্গে বিশাল চতুর্বেদী জানান, কয়েকজন শিল্পীকে তিনি আগে থেকেই চিহ্নিত করে রেখেছিলেন। সঙ্গীতের ক্ষেত্রেও সরলতা বজায় রাখাই ছিল তাঁর অগ্রাধিকার। সেই কারণে কয়েকটি গানের রেকর্ডিংয়ে অতিরিক্ত সাউন্ড এফেক্ট বা প্রযুক্তিগত কারুকার্য ব্যবহার করা হয়নি। শিল্পীদের স্বাভাবিক কণ্ঠে গাওয়া গানই ছবিতে রাখা হয়েছে।

সুনীল লোধির গাওয়া ‘ম্যায়নে তেরে হি ভরোসে হনুমান...’ গানটির প্রসঙ্গে পরিচালক জানান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি গান শুনেই তিনি সুনীলের সঙ্গে যোগাযোগ করেন। মুম্বইয়ে তাঁদের প্রথম সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়ে যায়।

হনুমানজির একনিষ্ঠ ভক্ত বিশাল চতুর্বেদীর বাড়ি বুন্দেলখণ্ডের ঝাঁসি জেলার বরুয়া সাগরে। দতিয়ার পীতাম্বরা পীঠ থেকে দীক্ষা নেওয়া এই সাধক পেশায় এমবিবিএস চিকিৎসক। পাশাপাশি, বেশ কয়েক বছর ধরে তিনি ‘হনুমান চালিসা ক্লাব’ পরিচালনা করছেন, যার সঙ্গে কয়েকশো মানুষ যুক্ত রয়েছেন।

কর্ণাটকের হামপি এলাকার কিষ্কিন্ধ্যা অঞ্চলকে কেন্দ্র করে ছবি তৈরির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, হনুমানজিকে নিয়ে কোনও ছবি তৈরির সুযোগ এলে তিনি সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত। এই প্রসঙ্গেই তাঁকে হামপির কিষ্কিন্ধ্যা অঞ্চল নিয়ে ছবি নির্মাণে আগ্রহী কি না, তা জানতে চাওয়া হয়েছিল।

ডঃ বিশাল চতুর্বেদী পরিচালিত হিন্দি ছবি ‘হনুমান অংশ’-এর দৈর্ঘ্য ১৫০ মিনিট। এটি একটি ট্রিলজির প্রথম পর্ব। ছবিতে মহান সন্ত ও আধ্যাত্মিক সাধক নিম করৌলি বাবার জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। কাহিনির শুরু উত্তরপ্রদেশের একটি ছোট গ্রামে জন্ম নেওয়া লক্ষ্মীনারায়ণের জীবন দিয়ে। জীবন, মৃত্যু এবং মানুষের দুঃখ-কষ্টের অর্থ খুঁজতে গিয়ে তিনি ধীরে ধীরে আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হন। সংসারের স্বাচ্ছন্দ্য ছেড়ে সত্যের সন্ধানে উত্তর ভারত ঘুরে বেড়াতে শুরু করেন। এই পথে সাধু-সন্ত, ভক্ত এবং সাধারণ মানুষের সংস্পর্শে এসে অজান্তেই বহু মানুষের জীবনে গভীর পরিবর্তন আনেন তিনি। নিম করৌলি গ্রামের কাছে ট্রেনকে ঘিরে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর থেকেই তিনি নিম করৌলি বাবা নামে পরিচিতি লাভ করেন।

ছবির কাহিনিতে শুধু এক সন্তের স্থানীয় বা ঐতিহ্যবাহী জীবনকথা নয়, তাঁর প্রভাবের আন্তর্জাতিক বিস্তারের দিকটিও তুলে ধরা হয়েছে। স্টিভ জোবস, মার্ক জাকারবার্গ, জুলিয়া রবার্টস এবং ল্যারি ব্রিলিয়্যান্টের মতো পরিচিত ব্যক্তিত্বদের অনুপ্রেরণার উৎস হিসেবে নিম করৌলি বাবার নাম উল্লেখ করা হয়েছে। তাঁর জীবন ও শিক্ষা আজও বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে চলেছে। সেই সূত্র ধরেই ছবিতে এমন এক সন্তের কথা বলা হয়েছে, যিনি এমন কয়েকজন মানুষকে অনুপ্রাণিত করেছিলেন, যাঁরা নিজেরাই পরবর্তী সময়ে বিশ্বজুড়ে বহু মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, লেখক ও পরিচালক হিসেবে বিশাল চতুর্বেদী এর আগে ‘হুড়দং’ (২০২২), ‘দেড় বিঘা জমিন’ (২০২৪) এবং ‘ইয়ে দিল বিল’ (২০২৫)-এর মতো ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। পরিচালক অনুভব সিনহার সঙ্গে টানা তিন বছর যুক্ত থেকে সামাজিক বিষয়ভিত্তিক বিভিন্ন প্রকল্পেও কাজ করেছেন তিনি। মিউজিক ভিডিও, বিজ্ঞাপন এবং স্বল্পদৈর্ঘ্যের ছবি মিলিয়ে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে ১০০টিরও বেশি প্রকল্পে। লেখালেখির ক্ষেত্রেও তাঁর কাজ রয়েছে। ‘ফৌজি ২’ লেখার পাশাপাশি ‘ডিভাইন ডিটুর’ বইটি লিখেছেন তিনি। নিম করৌলি বাবার জীবন ও শিক্ষা অবলম্বনে ‘হনুমান অংশ’ ছবির কাহিনি লেখা এবং পরিচালনার দায়িত্বও তাঁর। ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি স্বল্প বাজেটে নির্মিত হলেও বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। চলচ্চিত্র নির্মাণকে পূর্ণ সময়ের পেশা হিসেবে গ্রহণ করার আগে চিকিৎসা ও সঙ্গীত—দুই ক্ষেত্রের সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। পরে চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করতে চিকিৎসা ও সঙ্গীত, দুটিই ছেড়ে দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande