বিজাপুরে মাওবাদী গোপন ডেরার ডাম্প থেকে ৩.৮৪ কেজি সোনা এবং ২৪.২২ লক্ষ টাকা নগদ উদ্ধার
বিজাপুর, ২৮ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলার ভৈরমগড় থানা এলাকায় ইন্দ্রাবতী নদীর সংলগ্ন জঙ্গল থেকে মাটির নিচে লুকিয়ে রাখা মাওবাদীদের একটি গোপন ডাম্প উদ্ধার করল নিরাপত্তাবাহিনী। ওই ডাম্প থেকে ৩.৮৪ কিলোগ্রাম সোনা এবং নগদ ২৪ লক্ষ ২২ হাজার ৫০০
সোনা এবং ২৪.২২ লক্ষ টাকা নগদ উদ্ধার


বিজাপুর, ২৮ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলার ভৈরমগড় থানা এলাকায় ইন্দ্রাবতী নদীর সংলগ্ন জঙ্গল থেকে মাটির নিচে লুকিয়ে রাখা মাওবাদীদের একটি গোপন ডাম্প উদ্ধার করল নিরাপত্তাবাহিনী। ওই ডাম্প থেকে ৩.৮৪ কিলোগ্রাম সোনা এবং নগদ ২৪ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২৯ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।

বিজাপুর পুলিশ সূত্রে খবর, শনিবার ভৈরমগড় থানা এলাকায় ইন্দ্রাবতী নদীর আশপাশের জঙ্গলে মাটির নিচে মাওবাদীদের ডাম্প লুকিয়ে রাখার গোপন তথ্য মেলে। সেই তথ্যের ভিত্তিতে বিজাপুরের পুলিশ সুপার উমেশ প্রসাদ গুপ্তার নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) রবীন্দ্র কুমার মীনার নেতৃত্বে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), ভৈরমগড় থানা পুলিশ এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড (বিডিএস)-এর যৌথ দল তল্লাশি অভিযান চালায়।

ভৈরমগড় থানা থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরে ইন্দ্রাবতী নদীর কাছে চিহ্নিত স্থানে তল্লাশি চালানো হয়। এই সময় বিডিএস দল ডিমাইনিং ও তল্লাশির পর মাটির নিচে পুঁতে রাখা একটি স্টিলের বাক্স উদ্ধার করে। সেটি পরীক্ষা করতেই ভেতর থেকে ৩৩টি সোনার বিস্কুট মেলে। প্রতিটি বিস্কুটের ওজন ১০ তোলা বলে জানা গিয়েছে। এগুলির মোট ওজন ৩৩০ তোলা (৩.৮৪ কিলোগ্রাম) এবং আনুমানিক মূল্য ৪ কোটি ২৯ লক্ষ টাকা। এছাড়াও টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেটে ৫০০ টাকার নোটের আকারে মোট ২৪ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা নগদ উদ্ধার হয়েছে।

বিজাপুরের পুলিশ সুপার উমেশ প্রসাদ গুপ্তা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া সোনা ও নগদ অর্থের বিষয়ে ভৈরমগড় থানায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিরাপত্তাবাহিনীর অভিযানে এখনও পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে মাওবাদী ডাম্প হিসেবে মোট ৮ কোটি ২৪ লক্ষ ৩৩ হাজার ৩০০ টাকা নগদ এবং ১২.৩৪ কিলোগ্রাম সোনা উদ্ধার করা সম্ভব হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande