
পানাজি, ২৮ নভেম্বর (হি.স.): গোয়ায় ন’দিনের আয়োজন শেষে শনিবার পর্দা নামল ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)-র। সমাপ্তি অনুষ্ঠানে সেরা ছবির সম্মানজনক ‘গোল্ডেন পিকক’ পুরস্কার পেল ‘অকি’ (Aqui)। অন্যদিকে, ‘কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে ‘সিলভার পিকক’ পুরস্কার জিতলেন ঋষভ শেট্টি। একই ছবির জন্য বিশেষ উল্লেখের সম্মানও পেয়েছেন তিনি।
এবারের উৎসবে সেরা পরিচালকের ‘সিলভার পিকক’ পুরস্কার পেয়েছেন জার্মানির বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ভলকার শ্লোন্ডর্ফ। তাঁর ছবি ‘ভিজিটেশন’-এর জন্য এই সম্মান দেওয়া হয়েছে। ‘দ্য মেল্টডাউন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মায়া ও'রুর্ক।
লুকাস এ ভিগনালের পরিচালিত ‘দ্য রিভার ট্রেন’ পেয়েছে বিশেষ জুরি পুরস্কার। অন্যদিকে, পরিচালকের সেরা প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবির জন্য ‘সিলভার পিকক’ জিতেছে ‘দ্য গোল্ডেন এজ’ (এল'এজ ডি'ওর)।
ভারতীয় ছবি ও বিশেষ বিভাগেও একাধিক পুরস্কার দেওয়া হয়েছে। ‘হনুমান অংশ’ ছবির জন্য ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা নবাগত পরিচালক নির্বাচিত হয়েছেন ড. বিশাল চতুর্বেদী। সেরা ওয়েব সিরিজ (ওটিটি) পুরস্কার পেয়েছে ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’। তুরস্কের পরিচালক ফয়সাল সোয়সালের ছবি ‘রহমা’ পেয়েছে মর্যাদাপূর্ণ আইসিএফটি-ইউনেস্কো গান্ধী পদক। গোয়ার চলচ্চিত্র পরিচালক আদিত্য সুহাস জম্ভালেকেও বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে।
সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, গত ২২ বছর ধরে গোয়া সফলভাবে ইফি আয়োজন করে আসছে। এবারের উৎসবের মূল ভাবনা ‘স্টোরিজ উইদাউট বর্ডার্স’ বা সীমান্তের গণ্ডি পেরিয়ে গল্প—এই ভাবনার জন্য উৎসবের পরিচালক তথা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকরকে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “পৃথিবী একটি মঞ্চ, আর সিনেমা তার সুন্দর আয়না।”
উৎসবের আয়োজন সম্পর্কে সাওয়ন্ত জানান, এবারের ইফি-তে রাশিয়া ছিল সহযোগী দেশ। ন’দিনে মোট ১৭টি অধিবেশনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মকে গবেষণা, ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনের পথে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব চঞ্চল কুমার, জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগমের (এনএফডিসি) চেয়ারম্যান জি কৃষ্ণ কুমার এবং উৎসব পরিচালক আশুতোষ গোয়ারিকর-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
৫৭তম ইফি-র পুরস্কারপ্রাপকদের তালিকা
সেরা ছবি, গোল্ডেন পিকক: ‘অকি’ (Aqui)
সেরা পরিচালক, সিলভার পিকক: ভলকার শ্লোন্ডর্ফ, ‘ভিজিটেশন’
সেরা অভিনেতা, সিলভার পিকক: ঋষভ শেট্টি, ‘কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১’
সেরা অভিনেত্রী, সিলভার পিকক: মায়া ও'রুর্ক, ‘দ্য মেল্টডাউন’
বিশেষ জুরি পুরস্কার: ‘দ্য রিভার ট্রেন’, পরিচালক লুকাস এ ভিগনালে
পরিচালকের সেরা প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি, সিলভার পিকক: ‘দ্য গোল্ডেন এজ’ (এল'এজ ডি'ওর)
বিশেষ উল্লেখ: ঋষভ শেট্টি, ‘কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১’
ভারতীয় পূর্ণদৈর্ঘ্য ছবির সেরা নবাগত পরিচালক: ড. বিশাল চতুর্বেদী, ‘হনুমান অংশ’
সেরা ওয়েব সিরিজ (ওটিটি): ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’
আইসিএফটি-ইউনেস্কো গান্ধী পদক: ‘রহমা’, পরিচালক ফয়সাল সোয়সাল (তুরস্ক)
বিশেষ সম্মান: আদিত্য সুহাস জম্ভালে (চলচ্চিত্র পরিচালক, গোয়া)
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য