শুধু নিষেধাজ্ঞা নয়, সন্ত্রাসবাদীদের সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থ জমা হোক সরকারি কোষাগারে
ডঃ মায়ঙ্ক চতুর্বেদী জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সেই নীতির দিকেই ইঙ্গিত করে যা দীর্ঘদিন ধরে কার্যকর করার প্রয়োজন ছিল। চলতি বছরের ১৩ নভেম্ব
ডঃ মায়ঙ্ক চতুর্বেদী


ডঃ মায়ঙ্ক চতুর্বেদী

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সেই নীতির দিকেই ইঙ্গিত করে যা দীর্ঘদিন ধরে কার্যকর করার প্রয়োজন ছিল। চলতি বছরের ১৩ নভেম্বর ইউএপিএ-এর ৩(১) এবং ৩(৩) ধারা অনুযায়ী আইআরএফ-এর ওপর জারি নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়। এরপর ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রক গেজেট বিজ্ঞপ্তি জারি করে ৪২ নম্বর ধারার আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ৭ ও ৮ নম্বর ধারার ক্ষমতা অর্পণ করে। বস্তুত, এখন রাজ্য সরকারগুলো এই নিষিদ্ধ সংগঠনের তহবিল, ব্যাংক অ্যাকাউন্ট এবং আর্থিক সম্পদের লেনদেন আটকাতে পারে, সন্দেহজনক লেনদেনের তদন্ত করতে পারে এবং যেসব ভবন বা প্রাঙ্গণ বেআইনি কার্যকলাপে ব্যবহৃত হচ্ছিল সেগুলোকে অবহিত করতে পারে। এই সিদ্ধান্ত সঠিক পথেই নেওয়া হয়েছে, কিন্তু এটিকে ব্যতিক্রম না বানিয়ে নিয়মে পরিণত করা জরুরি। কারণ সন্ত্রাসবাদ কেবল অস্ত্র ও স্লোগানে টিকে থাকে না, এর আসল শক্তি নিহিত থাকে অর্থের মধ্যে। তাই যতদিন সন্ত্রাসবাদী সংগঠন এবং তাদের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট চালু থাকবে, জমিজমা তাদের নামে বা ফ্রন্ট সংগঠনের নামে থাকবে, ততদিন তারা নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠবে।

এমন পরিস্থিতিতে আসল কঠোর পদক্ষেপ এটাই হবে, দোষী সাব্যস্ত সন্ত্রাসবাদীদের সমগ্র সম্পত্তি বাজেয়াপ্ত করে, বিক্রি করে এবং তা থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা করা হোক। এভাবে সন্ত্রাসবাদের দায়ে দোষী সাব্যস্ত যে কোনও ব্যক্তির আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়া উচিত। জাকির নায়েক ও আইআরএফ-এর ঘটনা এর সাম্প্রতিক উদাহরণ। সংগঠনটির ওপর ২০১৬ সালে প্রথমবার নিষেধাজ্ঞা জারি হয়। নায়েক সেই সময় থেকেই মালয়েশিয়ায় রয়েছেন। তাঁর পাসপোর্ট বাতিল হয়েছে, প্রত্যর্পণের চেষ্টা চলছে, তবুও সংগঠনটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো এবং রাজ্যগুলোকে ক্ষমতা দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তটি তাই গুরুত্বপূর্ণ, কারণ এখন স্থানীয় স্তরে তহবিল ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সিমি (স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া)-এর ইতিহাস বলে, কেবল নিষেধাজ্ঞায় কাজ হয় না। সিমির ওপর ২০০১ সাল থেকে নিষেধাজ্ঞা রয়েছে এবং তা বারবার বাড়ানো হয়েছে। কারণ সিমির সদস্যরা ইন্ডিয়ান মুজাহিদিন, আইসিস এবং অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। অনেক সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা দায়ের হয়, অভিযোগ প্রমাণিত হয় এবং সাজা হয়। তাদের সদর দফতর সিল করে দেওয়া হয়। তবুও সিমির পুরনো কর্মীরা নতুন নতুন সংগঠনে সক্রিয় হতে থাকে। দোষী সাব্যস্ত হওয়ার পর অবিলম্বে যদি তাদের ব্যক্তিগত ও সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করা হতো এবং অর্থ সরকারি কোষাগারে জমা করা হতো, তবে স্বাভাবিকভাবেই পুনর্গঠনের প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ত। সিমির উদাহরণ থেকে স্পষ্ট যে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক পদক্ষেপকে স্থায়ী ও স্বয়ংক্রিয় করা অত্যন্ত জরুরি। একইভাবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এবং তার সহযোগী সংগঠনগুলোর ওপর ২০২২ সালে নিষেধাজ্ঞা জারি হয়। এনআইএ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তে জানা যায় যে সংগঠনটি বিপুল পরিমাণ তহবিল সংগ্রহ করেছিল, শারীরিক প্রশিক্ষণ শিবির চালিয়েছিল এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে তা ব্যবহার করেছিল। ইডি পিএফআই-এর সঙ্গে যুক্ত ট্রাস্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করে। এক পর্যায়ে ৬৭ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত হয় এবং মোট বাজেয়াপ্ত অর্থের পরিমাণ প্রায় ১২৯ কোটি টাকার কাছাকাছি পৌঁছে যায়। এর মধ্যে কেরলমের বিভিন্ন জেলায় অবস্থিত ভবন ও জমি রয়েছে, যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো। অনেক নেতাকে গ্রেফতার করা হয় এবং দোষী সাব্যস্তও করা হয়। এটি প্রমাণ করে যে, সাংগঠনিক স্তরে আর্থিক পদক্ষেপ সম্ভব ও কার্যকর| কিন্তু একে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিটি দোষী সাব্যস্ত সদস্যের ব্যক্তিগত সম্পত্তিও বাজেয়াপ্ত হওয়া উচিত। তাহলেই স্পষ্ট বার্তা যাবে যে, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে শুধু জেল নয়, বরং সমগ্র আয় ও সম্পত্তিও কেড়ে নেওয়া।

জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি বাস্তব উদাহরণ সামনে এসেছে। রিয়াসি জেলায় পাকিস্তানে বসে থাকা পাঁচ সন্ত্রাসবাদীর জমি ইউএপিএ-এর ধারার অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে। এই ব্যক্তিরা বহু বছর আগে পাকিস্তানে চলে গিয়েছিল এবং এখন নিজেদের সম্পত্তি বিক্রি করে সন্ত্রাসবাদে অর্থায়নের চেষ্টা করছিল। রামবান ও অন্যান্য জেলাতেও পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই পদক্ষেপগুলো সঠিক, কিন্তু বাজেয়াপ্তর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা করার বিধান চালু হওয়া উচিত। জমিজমা যাতে ফের সন্ত্রাসের পুঁজি না হয়ে ওঠে, তার জন্য এই পদক্ষেপ অপরিহার্য। ইন্ডিয়ান মুজাহিদিন, লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন, আল-কায়দা এবং আইসিস মডিউলের সদস্যদের বিরুদ্ধে দেশজুড়ে শত শত মামলা চলেছে। এনআইএ-র সাজা প্রদানের হার বেশি। বহু অভিযুক্তের বিরুদ্ধে বোমা বিস্ফোরণ, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে। তবুও তাদের সম্পত্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ পদক্ষেপ সবসময় নেওয়া হয় না। অনেক সময় অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, কিন্তু সম্পত্তি বিক্রি করে কোষাগারে জমা দেওয়ার পর্যায়ে পৌঁছায় না। সন্ত্রাসবাদী এবং তাদের সংগঠন অর্থের জোরে শক্তিশালী হয়। যখন অর্থ কেড়ে নেওয়া হয়, তখন সংগঠন ভেঙে পড়ে, নিয়োগ থমকে যায়, প্রচার কমে। অন্যদিকে সরকারি কোষাগারে অর্থ জমা হলে দুটি সুবিধা হয়। একদিকে সন্ত্রাসের পুঁজি ধ্বংস হয়, অন্যদিকে সেই অর্থ দেশ গঠন বা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে ব্যবহার করা যেতে পারে।

অতএব, এ বিষয়ে এখন প্রয়োজন হলো প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একটি বিশেষ ইউনিট থাকা, যারা দোষী সাব্যস্ত সন্ত্রাসবাদীদের সম্পত্তির তালিকা তৈরি করবে, বাজেয়াপ্ত করবে, বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করবে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা করবে। জাকির নায়েকের আইআরএফ-এর ক্ষেত্রে রাজ্যগুলোকে দেওয়া ক্ষমতাকে ভিত্তি করে সিমি, পিএফআই, ইন্ডিয়ান মুজাহিদিন এবং অন্যান্য সংগঠনের ক্ষেত্রেও একই ব্যবস্থা চালু করা হোক। এসব ঘটনায় আদালত যাদের সাজা দিয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ এবং তাদের নামের থাকা সম্পত্তি বাজেয়াপ্ত হোক।

যখন সন্ত্রাসবাদীরা জানতে পারবে যে, ধরা পড়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের সমগ্র উপার্জন, জমিজমা এবং ব্যাংক এর টাকা সরকারি কোষাগারে চলে যাবে, তখন নিয়োগ ও সহযোগিতা— উভয় ক্ষেত্রেই ঘাটতি দেখা দেবে। কেন্দ্রের আইআরএফ-সংক্রান্ত সিদ্ধান্তটি এই দিশারই সঠিক ইঙ্গিত। আগামী দিনে এটি প্রতিটি স্তরে কার্যকর করতে হবে। সিমি হোক, জাকির নায়েকের আইআরএফ হোক, পিএফআই হোক বা জম্মু ও কাশ্মীরের পাকিস্তানি সন্ত্রাসবাদী— সবার ক্ষেত্রেই একই নিয়ম হোক। দোষী সাব্যস্ত সন্ত্রাসবাদীর সম্পত্তি বাজেয়াপ্ত করো, বিক্রি করো এবং সরকারি কোষাগারে জমা দাও। বাস্তবে এটাই হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রকৃত কঠোর পদক্ষেপ এবং দেশের নিরাপত্তার জন্য এটিই বাস্তবসম্মত দাবি।

(লেখক হিন্দুস্থান সমাচার-এর সঙ্গে যুক্ত।)

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande