
দুর্গাপুর, ৩ নভেম্বর (হি.স.) : বিপুল পরিমাণ ফেনসিডিল সিরাপ, নিষিদ্ধ ট্যাবলেট ও গাঁজার প্যাকেট উদ্ধারের ঘটনায় গ্রেফতার হলেন এক ওষুধের দোকানের মালিক। ধৃতের নাম সুদীপ মুখোপাধ্যায়। মঙ্গলবার ভোর রাতে দুর্গাপুরের ফুলঝোড় মোড় থেকে স্টিল পার্ক মোড় সংলগ্ন এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালায় নিউ টাউনশিপ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ২৮৫ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেনসিডিল সিরাপ, বিপুল সংখ্যক নিষিদ্ধ ট্যাবলেট এবং কয়েকটি গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে। একজন ওষুধের দোকানের মালিকের বাড়ি থেকে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
উদ্ধার হওয়া সামগ্রী কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা-ও জানার চেষ্টা চলছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং জানান, ফুলঝোড় এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে প্রায় ২৮৫ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেনসিডিল সিরাপ এবং নিষিদ্ধ ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়